প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নজরুলবর্ষ (২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত) পালনের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। গত রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাংলা সাহিত্যে যে অবদান বিগত ১৭ বছরে সেভাবে উপস্থাপিত হয়নি। বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এবং বর্তমান সরকার জাতীয় কবির সাহিত্যকর্ম ও দর্শনকে আরো ছড়িয়ে দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত নজরুলবর্ষ পালনের ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর ঘোষণানুযায়ী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে নজরুলবর্ষ পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে নজরুল বর্ষ পালনের জন্য কমিটি গঠন করা হবে। নজরুল বর্ষের লোগো ও পোস্টার তৈরি এবং ক্যালেন্ডার প্রণয়ন করা হবে। স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে।
তিনি বলেন, নজরুল বর্ষের উদ্বোধন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে দেশের ৬৪টি জেলায় ও ৭৪টি প্রত্যন্ত বা বিশেষ উপজেলায় আগামী ১৮-২০ জুন ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠান আয়োজনের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের চলতি অর্থ বছরের বাজেট থেকে দেশের ৬৪টি জেলায় এবং ৭৪টি উপজেলায় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, নজরুলবর্ষ পালনের জন্য বছরব্যাপী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। শুধু অনুষ্ঠান আয়োজনের মধ্যেই নজরুলবর্ষ পালন সীমাবদ্ধ থাকবে না। নজরুলের সাহিত্যকর্ম, সংগীত ইত্যাদি বিষয়ে যাতে গবেষণা করা হয় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সে উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও নজরুলের সৃষ্টিকর্মকে ছড়িয়ে দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

