অবশেষে মীমাংসা হলো নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত ‘অমীমাংসিত’ সিনেমার। চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে যাওয়া রায়হান রাফীর সিনেমা ‘অমীমাংসিত’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে।
ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন অভিনীত এই সিনেমার ৪০ সেকেন্ডের টিজার প্রকাশ হওয়ার পরই নেটদুনিয়ায় কথা রটে- গল্পটি আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ড ঘিরে। এরপর যতবারই এটি সেন্সরে গিয়েছে, ততবারই হতাশা নিয়ে ফিরতে হয়েছে সিনেমা সংশ্লিষ্টদের। সবশেষ গত বছর ২৪ এপ্রিল সেন্সর বোর্ড এটি ‘প্রদর্শন অযোগ্য’ ঘোষণা করে প্রজ্ঞাপনও জারি করে।
সরকার বদলের পর গঠিত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আবদুল জলিল জানিয়েছেন, ‘অমীমাংসিত’ সিনেমাটিও সম্প্রতি সনদ পেয়েছে। তিনি বলেন, ‘সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা আমাদের এখানে আপিল করেছিলেন, বোর্ড সিনেমাটিকে সনদ দিয়েছে।’
২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি ‘অমীমাংসিত’ সিনেমার টিজার প্রকাশিত হয়। নির্মাতা রায়হান রাফী ফেসবুকে লেখেন ‘কারা খুন করল অর্ণব আর নীরুকে? মুখোশধারী লোকগুলো কারা? এই অমীমাংসিত রহস্যের আদৌ কি জট খুলবে?’ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ২৯ ফেব্রুয়ারি ‘অমীমাংসিত’ সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছিলেন রাফী। কিন্তু সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে সিনেমার গল্প মিলিয়ে আলোচনা শুরু হলে ১৯ ফেব্রুয়ারি সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিতে নির্দেশ দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, ‘কোনো চলচ্চিত্র যে কোনো মাধ্যমে প্রচারের পূর্বে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের কাছ হতে সার্টিফিকেশন গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।’ ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা মুক্তির ক্ষেত্রে সেন্সর বোর্ডের অনুমতির দরকার হয় কি না তা নিয়েও প্রশ্ন উঠেছিল।
সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি পরীক্ষা করেন এবং সেটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য বোর্ড সদস্যরা পুনরায় পরীক্ষা করেন। পরে সেন্সর বোর্ডের উপপরিচালক মো. মঈনুদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সিনেমাটি জনসাধারণের মধ্যে ‘প্রদর্শন উপযোগী নয়’।
তখন সেন্সর বোর্ড বলেছিল, ‘এতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে। কাল্পনিক কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সঙ্গে মিল রয়েছে। এ ধরনের ঘটনা বাস্তবে ঘটেছে এবং ঘটনা-সংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন। চলচ্চিত্রটির কাহিনি/বিষয়বস্তু বিচারাধীন মামলার সঙ্গে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারে।’
কোনো বাস্তব ঘটনার সঙ্গে মিলের কারণে এই সিদ্ধান্তÑচিঠিতে তখন তা স্পষ্ট করেনি সেন্সর বোর্ড। তবে বোর্ডের একজন সদস্য তখন বলেছিলেন, এ সিনেমার গল্পের সঙ্গে সাগর-রুনি হত্যাকাণ্ডের মিল রয়েছে। সাগর-রুনি হত্যাকাণ্ড আদালতে বিচারাধীন।
সনদ পেলেও এখনো সিনেমাটি মুক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী।
গত বুধবার একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘মুক্তির ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি, পরে আমরা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’
সিনেমাটি বড়পর্দায়, নাকি ওটিটিতে মুক্তি পাবে এ বিষয়ে আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রাফায়েল মাহবুব বলেন, ‘আইস্ক্রিনেই মুক্তি পাবে, তবে কবে মুক্তি দেওয়া হবেÑতা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

