চ্যানেলে চ্যানেল শ্রাবণ্য তৌহিদা

চ্যানেলে চ্যানেল শ্রাবণ্য তৌহিদা

দর্শক সাধারণত তাকে একজন উপস্থাপিকা হিসেবেই চেনেন। কিন্তু তিনি যে একজন ডাক্তার, বিষয়টি কেউ কেউ জানলেও অনেকের জন্যই অজানা।

বিজ্ঞাপন

সাধারণত শ্রাবণ্য তৌহিদার দিন শুরু হয় সকাল ৯টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজে। ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ২০১২ সালে এমবিবিএস সম্পন্ন করা শ্রাবণ্য তৌহিদা এফসিপিএস শেষ করেন ২০১৪ সালে। ঢাকা মেডিকেল কলেজে ‘আইএমও’ (ইন্টারনাল মেডিকেল অফিসার) হিসেবে দায়িত্ব পালন করতে হয়, বিধায় সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত তাকে সেখানেই থাকতে হয়। এর পরের সময়টুকুতেই ম্যানেজ করে তাকে উপস্থাপনায় সময় দিতে হয়।

সময়ের অন্যতম দর্শকপ্রিয় এই উপস্থাপিকাকে এবারকার ঈদে বেশ কয়েকটি টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফরমে উপস্থাপনায় দেখা যায়। এই ঈদে দেশ টিভির জন্য নির্মিত ঈদ বিশেষ ‘সেলিব্রেটি টক শো’-এর সাত পর্বে, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ‘তারকা আড্ডা’ অনুষ্ঠানের সাত পর্বে, বিটিভির জন্য নির্মিত ঈদ মিউজিক্যাল শো ও দুটি ভিন্ন সেলিব্রেটি টকশো, চ্যানেল টোয়েন্টিফোরের পাঁচ পর্বের ‘ঈদ গল্প আড্ডা’, জিটিভির সাত পর্বের ঈদ বিশেষ আয়োজন ও গ্লোবাল টিবির সরাসরি গানের অনুষ্ঠানের উপস্থাপনা করেন শ্রাবণ্য তৌহিদা।

নন্দিত উপস্থাপিকা ও মেডিসিন বিশেষজ্ঞ শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘ঈদে সাধারণত বড় বড় তারকার সিনেমা মুক্তি পায়। এই সিনেমাকে ঘিরে বিভিন্ন চ্যানেল নানা আয়োজন করে। সেসব আয়োজনে একজন উপস্থাপিকা হিসেবে অংশগ্রহণের সুযোগ এলে হাতছাড়া করতে ইচ্ছা করে না। এ কারণে মেডিকেল কলেজের দায়িত্ব পালন করেই সময় ম্যানেজ করে আমি এ আয়োজনগুলোয় অংশগ্রহণ করার চেষ্টা করি। যাদের নিমন্ত্রণে এই বিশেষ আয়োজনগুলোয় অংশগ্রহণ করি, তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারণ তারা আমার দিকটাও বেশ গুরুত্বের সঙ্গে সম্মান দিয়েই আমাকে নিয়ে কাজ করেন। এবারকার ঈদের সবগুলো আয়োজনই বিশেষ বিশেষ কারণে বিশেষ হয়ে ওঠে। আমার উপস্থিতিতে অনুষ্ঠান যদি দর্শকের মধ্যে মুগ্ধতা ছড়ায়, সেটাই আমার পরম পাওয়া।’

শ্রাবণ্য তৌহিদা জানান, ঈদের পর ওয়েব সিরিজে কাজ করার সম্ভাবনা রয়েছে তার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন