আসছে লিজার নতুন গান ‘তুমি বিহন’

আসছে লিজার নতুন গান ‘তুমি বিহন’

সানিয়া সুলতানা লিজা এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী। একটি রিয়েলিটি শো দিয়ে গানের ভুবনে পেশাগতভাবে তার যাত্রা শুরু হলেও, কণ্ঠের মাধুর্য দিয়ে তিনি বছরের পর বছর শ্রোতা-দর্শকদের গানে গানে মুগ্ধ করে যাচ্ছেন। লিজা সব সময়ই মনোযোগী ছিলেন নিজের মৌলিক গান প্রকাশে। ক্যারিয়ারের শুরুতে ‘ভুল করে যদি কখনো’ গানটি দিয়ে তার মৌলিক গানের ভুবনে যাত্রা শুরু হয়। এরপর একে একে বহু মৌলিক গান উপহার দিয়ে শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন তিনি।

সেই ধারাবাহিকতায় এবার লিজার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন মৌলিক গান ‘তুমি বিহন’। গানটি লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ। সংগীতায়োজন করেছেন আদিব শংকর এবং গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর।

বিজ্ঞাপন

গানটি প্রসঙ্গে লিজা বলেন, ‘ভালোবাসার অপেক্ষা, অভিমান আর না পাওয়ার গভীর অনুভূতি নিয়ে আসছে ‘তুমি বিহন’ গানটি। গানের কথা ও সুর আমার ভীষণ ভালো লেগেছে। আর মিউজিক ভিডিওটাও এক কথায় দারুণ হয়েছে। আমি খুব আশাবাদী আমার নতুন এই মৌলিক গানটি নিয়ে।’

লিজার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত মৌলিক গান ছিল ‘তোমার রোদেলা আকাশে’। স্টেজ শো’র বাইরে লিজা নিজের একমাত্র কন্যাসন্তানকেই বেশি সময় দেন। মাঝেমধ্যে কোনো টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠানের নিমন্ত্রণ পেলে তবেই বাসা থেকে বের হন তিনি।

এদিকে তাঁর সমসাময়িক অন্যান্য শিল্পীরাও স্টেজ শো নিয়ে এই মুহূর্তে হতাশ। বলা যায়, এই মুহূর্তে দেশে স্টেজ শোর সংখ্যা একেবারেই কম। তবে কেন স্টেজ শো কম বা কেনই-বা গ্রামে-গঞ্জে ও শহরে অনুষ্ঠান হচ্ছে না, তা শিল্পীদেরও অজানা। বর্তমানে দেশের সামগ্রিক ও অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না থাকায় বিগত বছরগুলোর তুলনায় আনুপাতিক হারে স্টেজ শো অনেকটাই কমে গেছে, যা নিয়ে শিল্পীরা তাঁদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তবে অনেকেই আশা করছেন, এই পরিস্থিতি শিগগিরই বদলে যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন