আসছে আইশা খানের ‘ইশারা’

আসছে আইশা খানের ‘ইশারা’

অভিনেত্রী আইশা খান আবারও ফিরেছেন নতুন একটি নাটকে। নাটকটির নাম ‘ইশারা’। নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মাহমুদ মাহিন।

নির্মাতা জানান, নাটকটি মূলত মানুষের দৈনন্দিন কথাবার্তা, সম্পর্ক ও অনুভূতির সূক্ষ্ম দিক নিয়ে নির্মিত। কথার মধ্যে লুকিয়ে থাকা শক্তি ও দুর্বলতা, প্রকাশিত ও অপ্রকাশিত আবেগ, ভুল বোঝাবুঝি ও নীরব অভিমান, এসবই নাটকের মূল কেন্দ্রবিন্দু।

বিজ্ঞাপন

নির্মাতা মাহমুদ মাহিন বলেন, ‘আমাদের প্রতিদিনের কথাবার্তায় লুকিয়ে থাকে অনেক অনুভূতি, যা আমরা প্রায়ই উপেক্ষা করি। সেই অনুভূতিগুলোকে নাটকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এটি শুধু একটি বিনোদনমূলক নাটকই নয়, বরং মানুষের মনের গভীরে অপ্রকাশিত অনুভূতির প্রতিফলন। যেখানে নীরবতাও কথা বলে, আর কথার ভেতরেই হারিয়ে যায় অনেক অনুচ্চারিত অনুভূতি।’

‘ইশারা’ নিয়ে আইশা খান বলেন, ‘গল্পটি যখন মাহিন ভাই প্রথম বললেন, তখন মনে হয়েছিল সাধারণ। কিন্তু ধীরে ধীরে টুইস্টগুলো আসতে থাকল, আগ্রহ বেড়ে গেল। পুরো স্ক্রিপ্ট শোনার পর বুঝলাম, এটি একেবারে ইউনিক। তাই কোনো দ্বিধা ছাড়াই রাজি হয়ে যাই। আশা করি দর্শক আমাদের প্রচেষ্টা পছন্দ করবে।’ নাটকে আইশা খানের সঙ্গে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।

এতে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শামীমা নাজনীন, শরিফুল, এমএনইউ রাজু, আশরাফ টুলু প্রমুখকে। নাটকের টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন সালমান জাইম ও মাশা ইসলাম, গানের কথা লিখেছেন মুবতাশীম মাহীর, আর সুর ও সংগীত করেছেন সালমান জাইম। নাটকটি বৃহস্পতিবার থেকে দর্শকের জন্য উন্মুক্ত হবে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে।

নির্মাতা ও অভিনয়শিল্পীরা বিশ্বাস করেন, ইশারা কেবল দর্শককে বিনোদন দেবে না, বরং কথার শক্তি, নীরবতার ভাষা এবং মানুষের অপ্রকাশিত আবেগের এক নতুন উপলব্ধি দেবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন