যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ‘গডজিলা’ চলচ্চিত্র সিরিজে জিয়া চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া বধির অভিনেত্রী কেলি হটল। মৃত্যুকালে তার বয়স ছিল ১৮ বছর।
ফ্রেডেরিক কাউন্টি শেরিফস অফিস জানায়, মঙ্গলবার ভোর ৩টার কিছু আগে ইজ্যামসভিল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হটলকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে একটি কালভার্টে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হটলকে এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। গাড়ির ১৯ বছর বয়সি চালক সামান্য আহত হন এবং তৃতীয় আরোহী চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান। প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে। ঘটনাটি এখনো তদন্তাধীন।
জন্মগতভাবে শ্রবণপ্রতিবন্ধী কেলি হটল ছিলেন একজন আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজের (এএসএল) স্বাভাবিক ব্যবহারকারী এবং তিনি একটি বধির পরিবারে বেড়ে ওঠেন। তার বাবা জোশুয়া হটল ও মা কেটসি হটল সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
এক আবেগঘন বার্তায় হটলের বাবা বলেন, পরিবারটি গভীর শোকের মধ্যে রয়েছে। একই সঙ্গে তিনি দুর্ঘটনায় জড়িত চালককে ক্ষমা করে দিয়ে বলেন, এই দুর্ঘটনা যেন তার পুরো জীবনকে সংজ্ঞায়িত না করে।
কেলি হটল ‘গডজিলা ভার্সেস কং’ (২০২১) এবং ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ (২০২৪) চলচ্চিত্রে জিয়া চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান। কংয়ের সঙ্গে সাইন ল্যাঙ্গুয়েজে যোগাযোগ করা অনাথ মেয়ের চরিত্রে তার অভিনয় হলিউডে বধির সম্প্রদায়ের প্রতিনিধিত্বের জন্য ব্যাপক প্রশংসা কুড়ায়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহশিল্পী ও বিনোদন জগতের অনেক তারকা। ‘গডজিলা’ চলচ্চিত্রে সহ-অভিনেত্রী মিলি ববি ব্রাউন ইনস্টাগ্রামে লিখেছেন, এই খবর তাকে ভীষণভাবে মর্মাহত করেছে এবং তিনি কেলিকে গভীরভাবে মিস করবেন।
অভিনেতা আলেকজান্ডার স্কারসগার্ড, যিনি কেলির সঙ্গে কাজ করার সময় এএসএল শিখেছিলেন, আগে তার পেশাদারিত্ব ও দ্রুত শেখার সক্ষমতার প্রশংসা করেছিলেন।
২০২৪ সালে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে কেলি হটল বলেছিলেন, অভিনয়ের সুযোগ পাওয়ার আগে তিনি ‘মনস্টার’ চলচ্চিত্রের ভক্ত ছিলেন না। পরে তার বাবার কাছ থেকেই এ ধরনের চলচ্চিত্রের সঙ্গে পরিচিত হন। তিনি তার বাবা-মা ও দুই বোনকে জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছিলেন।
‘গডজিলা’ সিরিজ ছাড়াও হটল ২০২১ সালে ‘ম্যাগনাম পি.আই.’-এর একটি পর্বে অভিনয় করেন। এছাড়া মুক্তির অপেক্ষায় থাকা ‘হোয়াট ডাজন্ট কিল আস’ চলচ্চিত্রেও তার অভিনয় দেখা যাবে।
এই চলচ্চিত্রের সহশিল্পী বধির অভিনেত্রী আলাকুয়া কক্স, অস্কারজয়ী অভিনেত্রী মার্লি ম্যাটলিন এবং অভিনেতা ট্রয় কটসুর কেলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার প্রতিভার প্রশংসা করেছেন এবং প্রিয়জনদের মূল্য দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে, কেলি হটলের শিক্ষাপ্রতিষ্ঠান টেক্সাস স্কুল ফর দ্য ডেফ তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, শোকাহত শিক্ষার্থী ও কর্মীদের জন্য কাউন্সেলিং ও মানসিক সহায়তার ব্যবস্থা করা হবে।
তথ্যসূত্র: এপি
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


