হাসপাতালে নেওয়ার পথে গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের মাঝপথে এক প্রসূতি মা নৌকার পাটাতনেই দুই যমজ সন্তান জন্ম দিয়েছেন। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় চরাঞ্চলের বাসিন্দা মনোয়ার হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রীর প্রসববেদনা শুরু হয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার জন্য বেলা ১১টায় একটি নৌকায় করে নদ পার হওয়ার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ঘাটে পৌঁছানোর পর প্রসূতির প্রসববেদনা তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি জটিল ও নিরুপায় হয়ে পড়ায় মাঝনদীতে নৌকার যাত্রীদের সহযোগিতায় প্রসবের ব্যবস্থা করা হয়। সেখানে প্রথমে একটি ছেলে এবং পরে একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই প্রসূতি মা।
নবজাতকদের বাবা মনোয়ার হোসেন বলেন, ‘নদীর মাঝখানে থাকায় মারাত্মক দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। আল্লাহর রহমতে নৌকাতেই স্ত্রী যমজ সন্তানের জন্ম দিয়েছে এবং তারা সবাই সুস্থ আছে।’
এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, চরাঞ্চলে কোনো স্থায়ী হাসপাতাল না থাকায় মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাত্র তিন দিনের ব্যবধানে একই উপজেলায় নৌকার পাটাতনে সন্তান জন্ম দেওয়ার ঘটনা ঘটল, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
চরাঞ্চলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জরুরি চিকিৎসাকেন্দ্র ও নৌ-অ্যাম্বুলেন্সের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

