সমাজের প্রান্তে বেড়ে ওঠা অবহেলিত পথশিশুদের জীবন, স্বপ্ন ও মানবিক অনুভূতিকে কেন্দ্র করে প্রকাশ পেল কণ্ঠশিল্পী কাজল ব্যানার্জীর নতুন গান ‘রাজকুমার’। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ব্যানারে তৈরি এই গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন কাজল নিজেই।
রাজত্ব বা মুকুট না থাকলেও ভালোবাসার সাম্রাজ্যে পথশিশুরাও যে একেকজন রাজকুমার—সেই ভাবনা থেকেই গানটির সৃষ্টি। রোজেন রহমানের সংগীতায়োজনে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। ভিডিওতে একাধিক পথশিশুকে দেখা গেছে, যা গান ও দৃশ্যের সমন্বয়ে পথশিশুদের আত্মমর্যাদা ও স্বপ্নের এক মানবিক আলেখ্য ফুটিয়ে তুলেছে।
শৈশব থেকে নানামুখী প্রতিকূলতা পেরিয়ে সংগীতে আসা কাজল ব্যানার্জী বলেন, “গানটি নিয়ে ডিএমএস আমাকে যে পৃষ্ঠপোষকতা করেছে, তাতে আমি নতুন করে স্বপ্ন দেখার সাহস পেয়েছি। আমার সব ওস্তাদ ও গুরুজনদের কাছে আমি কৃতজ্ঞ। গানটি প্রকাশের পর থেকেই সব মহল থেকে ইতিবাচক সাড়া ও প্রশংসা পাচ্ছি।’
সংগীতজীবনে যাঁদের অবদান রয়েছে—মির্জা খায়রুল হোসেন মনু, প্রয়াত রুমু, সুইট, মিতা বিশ্বাস ও নন্দ দার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান শিল্পী।
‘রাজকুমার’ গানটি ধ্রুব মিউজিক স্টেশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি সব দেশি-বিদেশি মিউজিক প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

