গত কয়েক বছর ধরে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী তামিম ইসলাম। সাম্প্রতিক সময়ে বেশ কিছু দ্বৈত গান গেয়ে আলোচনায় এসেছেন তিনি। এর মধ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনার সঙ্গে গেয়েছেন ‘ঠোঁটপেন্সিল’, নিশ্চুপ বৃষ্টির সঙ্গে ‘ঘুম ঘুম চোখ’, নদীর সঙ্গে ‘মিশে আছি দুজনেই’ ও আতিয়া আনিসার সঙ্গে ‘অবহেলা’।
এবার প্রকাশ পেল অবন্তী সিঁথির সঙ্গে তামিমের নতুন দ্বৈত গান ‘প্রিয় কবিতা’। গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীতপরিচালনা করেছেন তামিম নিজেই। গানটি শোনা যাচ্ছে ‘তামিম ইসলাম’ ইউটিউব চ্যানেলে।
নতুন গান প্রসঙ্গে তামিম ইসলাম বলেন, ‘আমার প্রকাশিত গানগুলোর জন্য শ্রোতাদের প্রচুর ভালোবাসা ও প্রশংসা পাচ্ছি। এবার গাইলাম অবন্তী সিঁথি আপুর সঙ্গে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, আর সিঁথি আপুর চমৎকার গায়কী মিলিয়ে আশা করি গানটি সবার পছন্দ হবে।’
ছায়ানট থেকে নজরুল সংগীতের কোর্স সম্পন্ন করা এই গায়কের কাছে আগামীর পরিকল্পনার কথা জানতে চাইলে বলেন, নিয়মিত গান করে যেতে চাই। আমার নিজস্ব স্টুডিও রয়েছে। নিজ সুরে এ পর্যন্ত প্রায় ৪০টি এবং সব মিলিয়ে প্রকাশিত গানের সংখ্যা ৭০টির কাছাকাছি। তামিম স্বপ্ন দেখেন নিজেকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে। এছাড়া সংগীতে নিজের অবস্থান আরও শক্ত করার জন্য ভর্তি হয়েছেন ছায়ানটের উচ্চাঙ্গ সংগীতের কোর্সে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

