মানিক মিয়াতে জেমসের ফ্রি কনসার্ট, থাকছে আরও ছয় ব্যান্ড

মানিক মিয়াতে জেমসের ফ্রি কনসার্ট, থাকছে আরও ছয় ব্যান্ড

শনিবার (৭ নভেম্বর) দেশজুড়ে পালিত হবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীত আয়োজন ‘কনসার্ট ফর সলিডারিটি’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই কনসার্টে গান গাইবেন রকস্টার মাহফুজ আনাম জেমস। এই সংগীত সন্ধ্যা উপভোগ করতে কোনো টিকিট কাটতে হবে না।

জেমসের নগরবাউল ছাড়াও একই মঞ্চে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় আরও ছয়টি ব্যান্ড। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই কনসার্টে অংশ নেবে ওয়ারফেজ, মাইলস, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক। বিকেল ৩টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে এবং কনসার্ট শুরু হবে বিকেল ৪টায়। প্রায় সাত ঘণ্টার এই আয়োজন সবার জন্য উন্মুক্ত।

বিজ্ঞাপন

গত দুই বছরে দেশে উন্মুক্ত স্থানে কনসার্টের আয়োজন উল্লেখযোগ্যভাবে কমেছে। নিরাপত্তাজনিত কারণে বাতিল হয়েছে বেশ কিছু সংগীতানুষ্ঠান। এমন পরিস্থিতিতে এক মঞ্চে দেশের সাত জনপ্রিয় ব্যান্ডের অংশগ্রহণে ‘কনসার্ট ফর সলিডারিটি’ সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে।

কনসার্টের খবর জানিয়ে ব্যান্ড ওয়ারফেজের পক্ষ থেকে শ্রোতাদের উদ্দেশে বলা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সংগীতের সুরে উদ্‌যাপিত হবে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন