প্রয়াত লাকী আখান্দের সুরে গাইলেন সাব্বির- শম্পা

প্রয়াত লাকী আখান্দের সুরে গাইলেন সাব্বির- শম্পা

মৃত্যুর আগে কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দের সুর করা বেশ কিছু অপ্রকাশিত গান রেখে গেছেন। এর মধ্য থেকে একটি গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা সাব্বির জামান ও শিল্পী সাঈদা শম্পা। ‘হারিয়ে যাওয়া সেই দিন’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকবি গোলাম মোর্শেদ। সম্প্রতি গানটি প্রযোজনা প্রতিষ্ঠান ‘গান জানালা’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অবমুক্ত করা হয়েছে।

কিংবদন্তি লাকী আখান্দের সুর করা এই গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিল্পী সাঈদা শম্পা বলেন, ‘গানটির কথা ও সুরের মধ্যে যে আবেগ রয়েছে, তা কণ্ঠে ধারণ করে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে এবং তাদের ব্যক্তিগত স্মৃতির সঙ্গে মিশে যাবে। লাকী আখান্দের মতো একজন কিংবদন্তির সুর করা গান গাওয়া বরাবরই সৌভাগ্যের। গোলাম মোর্শেদ ভাইয়ের লেখা গান নিয়ে নতুন করে কিছু বলার নেই। সব মিলিয়ে আশা করছি শ্রোতাদের হৃদয়ের কাছে পৌঁছে যাওয়ার মতো গান এটি।’

বিজ্ঞাপন

সাব্বির জামান বলেন, ‘গানটিতে আমরা সর্বোচ্চ আবেগ ও আন্তরিকতা দিয়ে গেয়েছি। লাকী আখান্দ স্যারের সুর আর গোলাম মোর্শেদ ভাইয়ের কথায় তৈরি এই গানটি শ্রোতাদের কাছে তুলে ধরতে পেরে ভালো লাগছে। আশা করি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

গীতিকবি গোলাম মোর্শেদ বলেন, ‘কিছু গান থাকে, যেগুলোর সঙ্গে মানুষের স্মৃতি, আবেগ আর জীবনের গল্প জড়িয়ে থাকে। ‘হারিয়ে যাওয়া সেই দিন’ তেমনই একটি গান। শ্রোতারা গানটির মধ্যে নিজেদের ফেলে আসা দিনগুলোর ছায়া খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস।’

শ্রোতানন্দিত এই শিল্পীদের কণ্ঠে কিংবদন্তি লাকী আখান্দের সুরে নতুন এই গানটি ইতিমধ্যে সংগীতপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন