গাজার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসের দেওয়া বিবৃতিকে ‘সম্পূর্ণ ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের অভিযোগ, হামাস নিরস্ত্র না হওয়া সত্ত্বেও এ ধরনের বক্তব্য দিয়ে সংগঠনটিকে পুরস্কৃত করা হচ্ছে।
সম্প্রতি গাজায় ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও শীতের তীব্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কাজা কালাস। তিনি বলেন, বন্যা ও শীতের কারণে আগে থেকেই বিপর্যস্ত গাজার বাসিন্দাদের জীবনযাত্রা আরো কঠিন হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে মানবিক সহায়তা দ্রুত ও নির্বিঘ্নে পৌঁছানোর সুযোগ দিতে ইসরাইলের প্রতি সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
এর জবাবে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কালাসের বক্তব্যে ‘শান্তি পর্ষদের’ নেতৃত্বে এবং ইসরাইলের সহযোগিতায় পরিচালিত নজিরবিহীন মানবিক তৎপরতার বিষয়টি উপেক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৯৩ হাজারের বেশি তাঁবু এবং শীতকালীন সামগ্রী ও প্রয়োজনীয় সরঞ্জামবাহী ৮ হাজার ৬০০টির বেশি ট্রাক গাজায় প্রবেশ করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, হাসপাতালগুলোকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের ক্ষেত্রে হামাসের ধারাবাহিক অপব্যবহার এবং মানবিক সহায়তা সামরিক অবকাঠামো নির্মাণে সরিয়ে নেওয়ার বিষয়টিও ইইউর বক্তব্যে উপেক্ষা করা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমরস্টেইন বলেন, ইইউ যদি সত্যিই গাজার মানুষের কল্যাণ নিয়ে উদ্বিগ্ন হয়, তাহলে তাদের উচিত হামাসকে অবিলম্বে নিরস্ত্র হওয়ার দাবি জানানো।
তিনি আরো বলেন, ‘এর বাইরে অন্য সবকিছুই লোকদেখানো রাজনীতি।’
উল্লেখ্য, গাজায় হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় হামলার ক্ষেত্রে ইসরাইল প্রায়ই দাবি করে, এসব স্থাপনা হামাস সামরিক কর্মকাণ্ডে ব্যবহার করছে। তবে এসব দাবির পক্ষে দেশটি প্রায়ই কোনো প্রমাণ হাজির করে না।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


