বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জন্য নির্মিত নাটকে আবুল হায়াত

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জন্য নির্মিত নাটকে আবুল হায়াত

বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রে প্রচারের জন্য ‘দ্রোহ’ নামের একটি নাটকে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তী অভিনেতা, নাট্যকার, নাট্যনির্দেশক আবুল হায়াত। নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর, নির্দেশনা দিয়েছেন ইলন সফির।

আবুল হায়াত জানান, গত ২৫ ও ২৬ জুলাই চট্টগ্রামের বিটিভি ভবনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

নাটকে আরো যারা অভিনয় করেছেন তারা হলেন আরজুমান্দ আরা বকুল, হাফিজুর রহমান সুরুজ, রমিজ রাজু, সৈয়দা নওশীন ইসলাম দিশা ও মারিয়া ফারিহ উপমা (আরজুমান্দ আরা বকুলের মেয়ে)।

Droho 2

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘দ্রোহ নাটকটির গল্প সুন্দর। আমাদের জীবনেরই গল্প। এই ধরনের গল্পে কাজ করতে বেশ ভালোই লাগে। তাছাড়া চট্টগ্রামের গিয়ে কাজ করতে আরো একটু বেশি ভালোলাগে। কারণ সবার অংশগ্রহণে একটা মিলন মেলাও হয়। কাজের ফাঁকে ফাঁকে গল্প আড্ডায় মেতে উঠতে বেশ ভালোলাগে। নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে আশা করছি।’

আরজুমান্দ আরা বকুল বলেন, ‘আমাদের নাট্যাঙ্গনের কিংবদন্তী অভিনেতা শ্রদ্ধেয় হায়াত ভাই। তারসঙ্গে এখন আগের মতো নিয়মিত কাজ করার সুযোগ হয়ে উঠেনা। ঢাকা শহর ছেড়ে চট্টগ্রামে তারসঙ্গে আবারো নাটকে অভিনয় করার সুযোগ হলো। এই বয়সেও তিনি এতো সচেতন, কাজের প্রতি তার একাগ্রতা, মনোনিবেশ-সত্যিই ভীষণ মুগ্ধ করে। আমরা যারা তার সঙ্গে এই নাটকে কাজ করেছি, আমরা তার সঙ্গে কাটানো সময়টাই আসলে ভীষণ উপভোগ করার চেষ্টা করেছি। দু’দিন খুব সুন্দর সময় কেটেছে। নাটকটিও ভালো হয়েছে। আশা করছি ভালো লাগবে দর্শকের।’

এদিকে আবুল হায়াত এরই মধ্যে বিটিভিতে প্রচারের জন্য তৌকীর আহমেদ’র নির্দেশনায় নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। যা শিগগিরই বিটিভিতে প্রচারে আসবে। এছাড়া আগামী মাসের শুরুতে তিনি নতুন একটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করবেন। পরিকল্পনা আছে তার নিজের নাটক নির্মাণের। গল্প হতে পারে প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুন অথবা তার নিজের।

বগুড়ার মেয়ে আরজুমান্দ আরা বকুল নাটকে এবং সিনেমাতে অভিনয় করেই দর্শকের ভালোবাসা পেয়েছেন। খুব শখের বশেই মেয়ে উপমাকে সংস্কৃতি অঙ্গনের সাথে সম্পৃক্ত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন