ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। প্রয়াত এই গুণী অভিনেতার স্মরণে আগামী ৫ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহজুড়ে প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে তার অভিনীত জনপ্রিয় সাতটি সিনেমা।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নাফেরার দেশে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের এই আইকন। অল্প সময়ের ক্যারিয়ারে মাত্র ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেই তিনি দর্শকমনে স্থায়ী আসন তৈরি করেন। মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তার অভিনীত চলচ্চিত্র ও গানগুলোর জনপ্রিয়তা অক্ষুণ্ণ রয়েছে। সালমান শাহর স্মৃতি ও সৃষ্টিকে ভক্তদের মাঝে উদ্যাপনের লক্ষ্যেই এই সম্প্রচার উদ্যোগ নিয়েছে চ্যানেলটি।
৫ সেপ্টেম্বর: বিচার হবে (পরিচালক: শাহ আলম কিরণ) — এতে সালমান শাহ ও শাবনূরের সাথে অভিনয়ে রয়েছেন রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।
৬ সেপ্টেম্বর: স্বপ্নের ঠিকানা (পরিচালক: এম এ খালেদ) — অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, সোনিয়া, রাজীব, ডলি জহুর ও আবুল হায়াত।
৭ সেপ্টেম্বর: আনন্দ অশ্রু (পরিচালক: শিবলি সাদিক) — অভিনয়ে সালমান শাহ, শাবনূর, কাঞ্চি, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।
৮ সেপ্টেম্বর: এই ঘর এই সংসার (পরিচালক: মালেক আফসারী) — অভিনয় করেছেন সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ ও তমালিকা কর্মকার।
৯ সেপ্টেম্বর: জীবন সংসার (পরিচালক: জাকির হোসেন রাজু) — মূল চরিত্রে সালমান শাহ ও শাবনূরের পাশাপাশি রয়েছেন ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা।
১০ সেপ্টেম্বর: প্রেম পিয়াসী (পরিচালক: রেজা হাসমত) — অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, আনোয়ারা, রাজীব ও মিশা সওদাগর।
১১ সেপ্টেম্বর: স্বপ্নের পৃথিবী (পরিচালক: বাদল খন্দকার) — সালমান শাহ ও শাবনূরের সহশিল্পী হিসেবে এতে রয়েছেন রাজীব, ববিতা ও রাইসুল ইসলাম আসাদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

