চার দশক পর ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে

চার দশক পর ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে

গতি, রোমাঞ্চ আর রেসিং ট্র্যাকের উত্তেজনা নিয়ে প্রায় চার দশক পর পর্দায় ফিরছে ‘ডেজ অব থান্ডার’-এর নতুন অধ্যায়। আশির দশকের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েলে আবারও কোল ট্রিকল চরিত্রে দেখা যাবে হলিউড তারকা টম ক্রুজকে। তার সঙ্গে এবার প্রথমবারের মতো জুটি বাঁধছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে।

বিজ্ঞাপন

প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, সিনেমাটি ২০২৮ সালের ২ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শনিবার টম ক্রুজ নিজেই সিনেমাটির প্রচারণামূলক একটি ছবি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেন। ছবিতে রেসিং ট্র্যাকে অ্যান হ্যাথাওয়ের সঙ্গে তাকে দেখা গেছে।

অ্যাকশনপ্রেমীদের জন্য সিনেমাটি বিশেষ আকর্ষণীয় হতে যাচ্ছে। কারণ ছবিটি সরাসরি আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হচ্ছে। আইম্যাক্সের পাশাপাশি ডলবি সিনেমা ও ৪ডিএক্স ফরম্যাটেও এটি বিশ্বব্যাপী মুক্তি পাবে।

১৯৯০ সালে টনি স্কট পরিচালিত মূল ‘ডেজ অব থান্ডার’-এ দুর্ধর্ষ রেসার কোল ট্রিকলের ভূমিকায় অভিনয় করেছিলেন টম ক্রুজ। নতুন সিনেমাতেও একই চরিত্রে ফিরছেন তিনি। গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, অ্যান হ্যাথাওয়ে অভিনয় করবেন একটি রেসিং কার দলের মালিক ও পেশাদার প্রকৌশলীর চরিত্রে।

সিনেমাটি পরিচালনা করবেন ‘লং শট’খ্যাত জোনাথন লেভাইন। টম ক্রুজের সঙ্গে প্রযোজক হিসেবে থাকছেন জেরি ব্রাকহাইমার ও টমি হার্পার।

মূল ‘ডেজ অব থান্ডার’-এর গল্পে অবসরপ্রাপ্ত রেসিং কিংবদন্তির চরিত্রে রবার্ট ডুভালের সহায়তায় নাসকার রেসিং দলে যোগ দেন কোল ট্রিকল। সিনেমাটিতে টম ক্রুজের সঙ্গে নিকোল কিডম্যান, র‌্যান্ডি কুয়েড ও জন সি রেইলিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।

এদিকে অ্যান হ্যাথাওয়ের ক্যারিয়ারেও ব্যস্ত সময় চলছে। ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়্যার্স প্রাডা ২’, ‘দ্য ওডিসি’ ও ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এর পর কলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ভেরিটি’তে দেখা যাবে তাকে। পাশাপাশি ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’-এর তৃতীয় কিস্তি নিয়েও কাজ করছেন তিনি।

অন্যদিকে ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির পর নতুন বড় ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হলেন টম ক্রুজ। ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলের পাশাপাশি ‘টপ গান’-এর পরবর্তী কিস্তি এবং আলেহান্দ্রো গনসালেস ইনারিতুর ‘ডিগার’ সিনেমাতেও কাজ করছেন এই হলিউড তারকা।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন