বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়

বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়

ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করে বিশ্বজুড়ে আলোড়ন তোলার পর এবার নিজের দেশ বাংলাদেশের দর্শকদের সামনে সংগীতের জাদু ছড়াতে ঢাকায় আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীতপ্রযোজক সঞ্জয় দেব। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি পারফর্মার হিসেবে মঞ্চ মাতাবেন তিনি।

সম্প্রতি এক বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে নিজেই বাংলাদেশে আসার এই রোমাঞ্চকর খবরটি নিশ্চিত করেছেন এই তারকা শিল্পী।

বিজ্ঞাপন

এর আগে ফিফা বিশ্বকাপের মঞ্চে ‘সির সির’ (Sir Sir) পরিবেশন করে দারুণ প্রশংসিত হন সঞ্জয়। শুধু তাই নয়, ওই বিশ্বমঞ্চে রয়েল বেঙ্গল টাইগারের ছবি সংবলিত বিশেষ জ্যাকেট পরে নিজের বাংলাদেশি শিকড় ও শেকড়ের প্রতি ভালোবাসার কথা স্পষ্টভাবে তুলে ধরেছিলেন তিনি।

নিজের দেশে পারফর্ম করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সঞ্জয় দেব বলেন, “ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করা আমার জন্য বিশেষ একটি মুহূর্ত ছিল। তবে নিজের দেশের মানুষের সামনে পারফর্ম করার অনুভূতিটা একেবারেই আলাদা। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে সবার সঙ্গে সেই আনন্দ ও উচ্ছ্বাস ভাগ করে নিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাকে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য ‘টেকনো’কে অনেক ধন্যবাদ।”

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, “সঞ্জয় বাংলাদেশের সঙ্গে নিজের শিকড়ের সম্পর্ক অটুট রেখে তার মিউজিককে বিশ্বমঞ্চে নিয়ে গেছেন। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে তাকে বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ফুটবল ও মিউজিকের এমন এক শক্তি রয়েছে, যা ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষকে একত্রিত করে। তাই আমরা চাই, উদ্বোধনী রাতটি দর্শকদের জন্য আনন্দ, উচ্ছ্বাস আর স্মরণীয় মুহূর্তে ভরপুর হয়ে উঠুক, যা তাদের মনে থেকে যাবে দীর্ঘদিন।”

আয়োজকদের প্রত্যাশা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিল্পীর পরিবেশনা টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে এবং দর্শকদের জন্য এটি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে।

উল্লেখ্য, আগামী ৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দলগুলোর অংশগ্রহণে জমজমাট এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন