ঈদের ছবির হালচাল

ঈদের ছবির হালচাল

ঈদ এলেই চলে সিনেমা মুক্তির প্রতিযোগিতা। কখনো ৬টি, কখনো ৮টি। এবারও ঈদে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা। মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে রয়েছেÑ ‘বরবাদ’, ‘দাগি, ‘জংলি’, ‘জ্বীন-৩’, ‘চক্কর ৩০২’ ও ‘অন্তরাত্মা’। সিনেমাগুলোর ট্রেন্ডিং গান এবং বাণিজ্যিক হালচাল বিবেচনায় এখন পর্যন্ত আলোচনায় রয়েছে ৩টি সিনেমা।

বিজ্ঞাপন

বরবাদ

এবার সবচেয়ে বেশিসংখ্যক হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ও মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমা ‘বরবাদ’।

সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলে ১২০টি হলে দাপটের সঙ্গে চলছে এই সিনেমা। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় ‘বরবাদ’ তৈরি হয়েছে প্রতিশোধ ও প্রতারণার গল্প নিয়ে।

এছাড়াও বরবাদের আইটেম গান ‘চাঁদ মামা’ রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ে ১ নম্বরে।

এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের ইধিকা পাল। আরো অভিনয় করেছেন- যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

দাগি

ঈদে মুক্তি পাওয়া আরেকটি সিনেমা ‘দাগি’। মাল্টিপ্লেক্সের সব ক’টি শাখা ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৬টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে দুই বছর পর বড় পর্দায় ফিরেছেন আফরান নিশো।

সিনেমাটির প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “ঈদের দিন মুক্তির পর থেকেই ‘দাগি’ হাউজফুল যাচ্ছে। ঈদের দিন থেকে মাল্টিপ্লেক্সে সিনেমাটির ৩৪টি শো চলছিল। একদিন যেতে না যেতেই আরো ১০টি শো বাড়ানো হয়েছে।”

দাগি সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। আরো আছেন সুনেরায় বিনতে কামাল। সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। আফরান নিশোর কণ্ঠে এ সিনেমার টাইটেল গানটিও ট্রেন্ডিং স্রোতে তাল মিলিয়ে অনেক প্রশংসা কুড়িয়েছে।

জংলি

সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমাটি মোট ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এখন সারা দেশের মাল্টিপ্লেক্সে মোট ১৮টি শো চলছে। এর মধ্যে, স্টার সিনেপ্লেক্সের পান্থপথ শাখায় ৩টি, মিউজিয়াম শাখায় ২টি, সীমান্ত সম্ভার শাখায় ২টি, উত্তরা শাখায় ২টি ও চট্টগ্রাম শাখায় ৩টি করে শো চলছে। অন্যদিকে ব্লকবাস্টার সিনেমায় ৩টি ও লায়ন সিনেমায় ৩টি করে শো চলছে। ঈদের চতুর্থ দিন পর্যন্ত জংলি সিনেমার প্রতিটি শো হাউসফুল। এম রাহিম পরিচালিত জংলি সিনেমায় অভিনয় করেছেনÑ সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘি।

এ সিনেমায় হাবিব ওয়াহিদের কণ্ঠে ‘যদি আলো এসে’ গানটিও রয়েছে ট্রেন্ডিংয়ে।

মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ‘অন্তরাত্মা’ ১৩টি সিঙ্গেল স্ক্রিন ও আটটি মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১টি হলে মুক্তি পেয়েছিল। কিন্তু প্রচার-প্রচারণার অভাবে তেমনভাবে সাড়া ফেলতে পারেনি সিনেমাটি। মুক্তির কয়েকদিনে স্টার সিনেপ্লেক্স থেকে নেমে গেছে সিনেমাটি। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন ভারতের দর্শনা বণিক। এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।

এছাড়াও কামরুজ্জামান রোমান পরিচালিত ‘জ্বীন ৩’ শুধু দুটি মাল্টিপ্লেক্সে এবং মোশাররফ করিম অভিনীত সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা ‘চক্কর ৩০২’ শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন