ভারতের বক্স অফিসে দাপট দেখালেও জাপানের প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়েছে রণবীর সিং অভিনীত অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’। ব্যাপক প্রচারণার পরও দেশটির দর্শকদের আগ্রহ অর্জন করতে পারেনি ছবিটি।
বক্স অফিস ও ট্রেড রিপোর্ট অনুযায়ী, গত ১০ জুলাই জাপানে মুক্তির প্রথম দিনে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যান মাত্র ৯০০ জন দর্শক। এমনকি প্রথম সপ্তাহান্তেও দেশটির শীর্ষ ২৫টি সর্বাধিক আয়ের সিনেমার তালিকায় জায়গা করে নিতে পারেনি ছবিটি।
মুক্তির দিন দুপুর ২টা পর্যন্ত জাপানের ৫৭টি প্রেক্ষাগৃহে বিক্রি হয়েছিল মাত্র ৪৪৯টি টিকিট। পরে প্রদর্শনীর হলের সংখ্যা ৮০টিতে উন্নীত হলেও দর্শকসংখ্যায় উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। দিন শেষে মোট দর্শকসংখ্যা ৯০০ জনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ফলে জাপানে ভারতীয় সিনেমার সেরা ১০টি ওপেনিংয়ের তালিকায় স্থান পায়নি ‘ধুরন্ধর’। বর্তমানে ওই তালিকার দশম স্থানে রয়েছে সালমান খানের ‘টাইগার ৩’, যার প্রথম দিনের দর্শকসংখ্যা ছিল ১,৩০০।
এর আগে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’-ও জাপানের বাজারে প্রত্যাশিত সাড়া পায়নি। অন্যদিকে দেশটিতে ভারতীয় সিনেমার সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড এখনো এসএস রাজামৌলির ‘আরআরআর’-এর দখলে। ছবিটি মুক্তির প্রথম দিনেই ৮,২৩০ জন দর্শক টেনেছিল।
তবে জাপানের এই হতাশাজনক ফলাফল বিশ্বব্যাপী ‘ধুরন্ধর’-এর বাণিজ্যিক সাফল্যে কোনো প্রভাব ফেলেনি। আদিত্য ধর পরিচালিত এবং জিও স্টুডিওস প্রযোজিত এই ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি কিস্তি মিলিয়ে বিশ্বজুড়ে আয় করেছে ৩,০০০ কোটিরও বেশি রুপি। এর মধ্য দিয়ে এটি প্রথম ভারতীয় চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে ৩,০০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে।
বর্তমানে ‘দঙ্গল’-এর পর ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে অবস্থান করছে ‘ধুরন্ধর’। রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল ও আর মাধবন অভিনীত এই সিনেমা চীন ও উপসাগরীয় দেশের বাজার ছাড়াই এই বিশাল আয়ের রেকর্ড গড়েছে। তবে বিশ্বব্যাপী দুর্দান্ত সাফল্যের বিপরীতে জাপানের বক্স অফিসে ছবিটির এমন ব্যর্থতা নির্মাতাদের জন্যও অপ্রত্যাশিত হয়ে উঠেছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


