কৃত্রিম বুদ্ধিমত্তাকে (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) কাজে লাগিয়ে এবং মানুষের পরিচালনায় নির্মিত হয়েছে বাংলাদেশের প্রথম এআই-পাওয়ার্ড, হিউম্যান-ডিরেক্টেড প্রামাণ্যচিত্র ‘তার দাম’। সামিনা আক্তার পরিচালিত প্রামাণ্যচিত্রটি ইউটিউবে প্রথম মুক্তি পায় গত ২৯ অক্টোবর। পরবর্তীতে ১৩ নভেম্বর ২০২৬ প্রকাশিত হয় এর ২ মিনিট ৩৯ সেকেন্ডের বাংলা মূল সংস্করণ এবং ২ মিনিট ৩২ সেকেন্ডের ইংরেজি তথ্য সংশোধিত নতুন সংস্করণ।
নির্মাতা জানান, ২৯ অক্টোবর ইউটিউবে প্রকাশিত প্রথম সংস্করণটি অপরিবর্তিত রাখা হয়েছে, যাতে যে কেউ প্রকাশের তারিখটি যাচাই করে নিতে পারেন।
একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই প্রামাণ্যচিত্রে যৌতুককে ঘিরে ঘটে যাওয়া পারিবারিক সহিংসতার চিত্র তুলে ধরা হয়েছে, যা গত অক্টোবরে জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এ প্রসঙ্গে সামিনা আক্তার বলেন, ‘জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে এটি বানানো হয়েছে। সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে এতে কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি, এমনকি কারও পরিচয়ও প্রকাশ করা হয়নি।’
তিনি আরও জানান, প্রামাণ্যচিত্রটির প্রতিটি দৃশ্য ও কণ্ঠ এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হলেও এর গবেষণা, সূত্র যাচাই, চিত্রনাট্য রচনা, দৃশ্যক্রম নির্ধারণ, পরিচালনা ও সম্পাদনা—পুরো সিদ্ধান্তপ্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে মানুষের হাতে। মূলত ‘হিউম্যান-ডিরেক্টেড’ বলতে এটাই বোঝানো হয়েছে যে, নির্মাণের কারিগরি কাজটি যন্ত্রের হলেও কী নির্মিত হবে আর কী হবে না, তার সম্পূর্ণ দায় মানুষের। দর্শকদের স্বচ্ছতার জন্য ছবিতে ব্যবহৃত প্রতিটি তথ্যের সূত্র ও যাচাইয়ের বিবরণ ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে।
দেশে এআই প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও দেশে এখন আর নতুন নয়। বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও স্বল্পদৈর্ঘ্য কাহিনিনির্ভর নির্মাণে এর ব্যবহার গত দুই বছরে দ্রুত বেড়েছে। তবে সেসব ক্ষেত্রে কল্পনার স্বাধীনতা থাকায় তথ্য-প্রমাণের দায় তুলনামূলক কম থাকে। কিন্তু প্রামাণ্যচিত্র সম্পূর্ণ আলাদা। এখানে প্রতিটি তথ্যের সূত্র দেখাতে হয়, আর দর্শকও ধরে নেন যা দেখছেন তা সত্য। সামাজিক ইস্যু নিয়ে সচেতনতামূলক নির্মাণে এই দায়িত্ব আরও বেড়ে যায়, কারণ এর পেছনে ভুক্তভোগী বাস্তব মানুষ জড়িত থাকেন।’
সামিনা আক্তার মনে করেন, আমাদের সমাজে ঘরোয়া সহিংসতা বা শিশু নির্যাতনের ঘটনাগুলো বন্ধ দরজার আড়ালে ঘটে বলে বহু ঘটনার কোনো ধারণকৃত নথি থাকে না। আবার যেসব ঘটনায় আইন অনুযায়ী ভুক্তভোগীর পরিচয় গোপন রাখতে হয়, সেখানে ফুটেজ থাকলেও তা ব্যবহার করা যায় না। এতদিন এ ধরনের বিষয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ আটকে যেত কেবল দৃশ্যায়নের অভাবে। কিন্তু এআই প্রযুক্তির মাধ্যমে কোনো বাস্তব ব্যক্তিকে শনাক্তযোগ্য না করেই প্রতীকীভাবে সেই দৃশ্যগুলো নির্মাণ করা সম্ভব হচ্ছে, যা পুরো ঘটনাটি প্রকাশ করা সহজ করে তুলেছে।
প্রযুক্তির এই সম্ভাবনাকে দেশের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছেন এই নির্মাতা। তিনি বলেন, ‘প্রযুক্তিটা এখন আমাদের হাতের নাগালে। প্রশ্ন হলো, আমরা এটা দিয়ে কী বানাব? নৈতিকতা বজায় রেখে, সত্য ঘটনার ভিত্তিতে সচেতনতামূলক কাজ এ দেশে আরও অনেক বেশি হওয়া দরকার। আমি নিজেও আগামীতে এ ধরনের কাজ নিয়মিত করতে চাই।’
উল্লেখ্য, সামিনা আক্তার একজন উদ্যোক্তা, এআই ফিল্মমেকার ও ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট এবং ‘মুগলি ডিজিটাল’-এর সহ-প্রতিষ্ঠাতা। নারী ও শিশু নিরাপত্তা নিয়ে সত্য ঘটনানির্ভর ধারাবাহিক নির্মাণ-পরিকল্পনার এটিই তার প্রথম কাজ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

