আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যেভাবে উত্থান ‘টেস্ট অব চেরি’ অভিনেতা এরশাদির

বিনোদন রিপোর্টার
যেভাবে উত্থান ‘টেস্ট অব চেরি’ অভিনেতা এরশাদির

তেহরানের শহরতলির নির্জন রাস্তায় গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন একজন প্রৌঢ়। তিনি আত্মহত্যা করবেন বলে মনস্থির করেছেন। একটি চেরি গাছের নিচে তাকে সমাহিত করার কাজটি করতে পারে এমন কাউকে খুঁজে ফিরছেন তিনি। ‘টেস্ট অব চেরি’সিনেমার সেই অভিনেতা হোমায়ুন এরশাদি আর নেই। সিনেমাতে জীবনের রাস্তার দেখা পেলেও পার্থিব জগৎ থেকে তিনি এবার চলে গেলেন না-ফেরার দেশে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর সোমবার মৃত্যু হয় স্থপতি থেকে অভিনেতা হয়ে ওঠা হোমায়ুন এরশাদির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। ১৯৪৭ সালের ২৬ মার্চ ইরানের ইসফাহানে জন্ম হোমায়ুন এরশাদির। বড়পর্দায় অভিনয়ের প্রথম সুযোগ পান আব্বাস কিয়ারোস্তামির পাম ডি’অর জয়ী সিনেমা ‘টেস্ট অব চেরি’তে (১৯৯৭)।

বিজ্ঞাপন

এই সুযোগটি তার কাছে আসে একদম কাকতালীয়ভাবে। তেহরানের সিগন্যালে গাড়ি থামানো অবস্থায় তার সঙ্গে কিয়ারোস্তামির দেখা হয়। এরপর বিখ্যাত ফিল্ম নির্মাতা তার কাছে এসে বলেন, ‘আমি একটি সিনেমা বানাতে চাই। আপনি কি অভিনয় করতে চান?’ ইরানে ইসলামি বিপ্লবের পর আশির দশকে এরশাদি ভ্যাংকুভারে চলে যান। যেখানে তিনি এক দশকেরও বেশি সময় ধরে একটি স্থাপত্য প্রতিষ্ঠানে কাজ করেন। পরবর্তীতে তিনি ইরানে ফিরে আসেন।

‘টেস্ট অব চেরি’সিনেমায় অভিনয়ের পর এরশাদির জীবনের মোড় ঘুরে যায়। তবে টেস্ট অব চেরি সিনেমাটি এরশাদিকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। সিনেমায় দেখা গেছে, ‘বাদি’ চরিত্রটি আত্মহত্যা করার পরিকল্পনা করেছেন। তার ইচ্ছা, তাকে যেন একটি চেরি গাছের নিচে সমাহিত করা হয়। তাকে সমাহিত করবেনÑএমন মানুষকে খুঁজতে থাকেন তিনি। ১৯৯৭ সালে কানে ‘টেস্ট অব চেরি’স্বর্ণপাম জিতেছিল। আব্বাস কিয়ারোস্তামি বরাবরই অপেশাদার অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করেন। ফলে তার সিনেমার বেশিরভাগ শিল্পীকে অভিনয়ে নিয়মিত দেখা যায় না। তবে এরশাদি নিয়মিত কাজ করেছেন।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত মার্ক ফরস্টারের ‘কাইট রানার’ সিনেমা এরশাদিকে আরো খ্যাতি এনে দেয়। তিন দশকের ক্যারিয়ারে ৯০টির মতো চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। তার অন্যান্য কাজের মধ্যে উল্লেখযোগ্য হলোআলেহান্দ্রো আমেনাবারের ‘আগোরা’ (২০০৯), ক্যাথরিন বিগেলোর ‘জিরো ডার্ক থার্টি’ (২০১২) এবং হাসান নাজারের চলচ্চিত্র ‘ইউটোপিয়া’ (২০১৫)।

টেরেন্স মালিকের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য ওয়ে অব দ্য উইন্ড’-এ অভিনেতা হিসেবে থাকছেন হোমায়ুন এরশাদি এমন একটা গুঞ্জন ছিল। যদিও আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন