টানা ১৭ মাস ধরে দর্শকদের বিনোদন দেয়ার পর এবার পর্দা নামছে দেশের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘতম ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম মৌসুমের। কাজল আরিফিন অমির পরিচালনায় এই কালজয়ী ফ্র্যাঞ্চাইজির শেষ অধ্যায় বা ফাইনাল চ্যাপ্টারটি এক্সক্লুসিভলি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
কাবিলা, নেহাল, পাশা ভাই কিংবা হাবুর মতো চরিত্রগুলো গত ১৭ মাস ধরে দর্শকদের দৈনন্দিন জীবনেরই একটি অংশে পরিণত হয়েছিল। চায়ের আড্ডা থেকে শুরু করে মন খারাপের দিনেও এই ব্যাচেলর গ্যাংয়ের পাগলামি ও সংলাপ মানুষের মুখে হাসি ফুটিয়েছে। ফলে এই জনপ্রিয় চরিত্রগুলোকে আর নতুন কোনো গল্পে দেখা যাবে না—এমন ভাবনায় ভক্তদের মনে তৈরি হয়েছে এক গভীর শূন্যতা ও নস্টালজিয়া।
দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে শেষ এই অধ্যায়টি দুটি ভাগে প্রকাশ করছে বঙ্গ। এর প্রথম ৬টি পর্ব ইতিমধ্যেই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে, আর বাকি ৬টি পর্ব মুক্তি পাবে আগামী ২৬ নভেম্বর। এছাড়া দর্শকদের জন্য বিশেষ অফারও ঘোষণা করা হয়েছে। যাদের সিজন পাস রয়েছে, তাঁরা সম্পূর্ণ ফ্রি-তে এটি উপভোগ করতে পারবেন। পাশাপাশি নতুন দর্শকরা মাত্র ৫০ টাকায় পুরো চ্যাপ্টারের ১২টি এপিসোড দেখার সুযোগ পাচ্ছেন।
সিরিজটির সমাপ্তি নিয়ে নির্মাতা কাজল আরিফিন অমি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে স্মরণীয় জার্নিটা অবশেষে শেষ হলো। দর্শকদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার টিম, কাস্ট, ক্রু, স্পনসর এবং শুরু থেকে পাশে থাকার জন্য বঙ্গকে জানাই অসংখ্য ধন্যবাদ।’
বঙ্গর ডিরেক্টর ও সিরিজটির প্রযোজক মুশফিকুর রহমান মনজু বলেন, ‘টানা ১৭ মাস একটি সিরিজকে জনপ্রিয়তার শীর্ষে ধরে রাখা বাংলাদেশের বিনোদন জগতে বিরল। ব্যাচেলর পয়েন্ট কেবল একটি প্রজেক্ট নয়, এটি কোটি দর্শকের আবেগের জায়গা। আমরা আনন্দিত যে দর্শকদের একটি স্মরণীয় সমাপ্তি উপহার দিতে পারছি।’
ব্যাচেলর গ্যাংয়ের বিদায়ী এই মুহূর্তের হাসি-কান্না আর রোমাঞ্চ উপভোগ করতে দর্শক এখন চোখ রাখতে পারেন বঙ্গ অ্যাপ বা ওয়েবসাইটে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

