নব্বই দশকের গল্প ‘বাড়ির নাম শাহানা’

নব্বই দশকের গল্প ‘বাড়ির নাম শাহানা’

বিচ্ছেদের পরও নিজের মতো করে বাঁচতে চাওয়া এক নারীর অদম্য লড়াইয়ের গল্পে প্রেক্ষাগৃহে আসছে সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। সেপ্টেম্বরের ১৯ তারিখে মুক্তি পাবে সিনেমাটি। গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড ও কমলা কালেক্টিভের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন লীসা গাজী।

সিনেমা মুক্তির প্রতিক্রিয়া জানিয়ে পরিচালক লীসা গাজী বলেন, ‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘বাড়ির নাম শাহানা’ দর্শকদের সামনে আনার সুযোগ পেয়ে আমি আপ্লুত এবং গভীরভাবে কৃতজ্ঞ। সিনেমার গল্প বাস্তব ঘটনার প্রতিচ্ছবি যেখানে ভালো ও মন্দের সরল সংজ্ঞার বাইরে গিয়ে আমি আমাদের অতি চেনা জগতের একজন সাধারণ নারীর গল্প বলেছি।’ লিসা গাজীর কথায়, ‘এটি মন বিষণ্ণ করা সিনেমা না, বরং জীবনের জয়গানে মুখর। আমাদের একমাত্র চাওয়া দর্শকরা সপরিবার এবং সবান্ধব এসে যেন সিনেমাটি দেখেন।’ বাড়ির নাম শাহানা এর আগে লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম, মুম্বাইয়ে প্রদর্শিত হয়েছে।

বিজ্ঞাপন

চিত্রনাট্য নিয়ে লিসা গাজী বলেছেন, সত্য কাহিনি অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি নব্বইয়ের দশকের বাংলাদেশের এক রক্ষণশীল মফস্বলের আবহের বিপরীতে দৃঢ়চেতা এক নারীর বেঁচে থাকার পথ অন্বেষণ করে। চলচ্চিত্রটির প্রধান চরিত্র দীপা, যিনি কোনোভাবেই চান না বিচ্ছেদের পর পরিবার বা সমাজ তার জীবনকে নিয়ন্ত্রণ করুক। রক্ষণশীল শহরে বড় হওয়ার পরও দীপা সমাজের কূপমণ্ডূকতা পুরোপুরি অস্বীকার করে নিজের মতো করে বেঁচে থাকতে চায়।

‘বাড়ির নাম শাহানা’ সিনেমার বেশিরভাগ চিত্রগ্রহণ করা হয়েছে বাংলাদেশে, কিছু অংশের শুটিং হয়েছে যুক্তরাজ্যের একটি ছোট শহরে। সিনেমায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। এ ছাড়া আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ অনেকে। লীসা গাজীর সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য করেছেন আনান সিদ্দীকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন