সদস্যপদ স্থগিত, লাইভে যা বললেন তানজিন তিশা

সদস্যপদ স্থগিত, লাইভে যা বললেন তানজিন তিশা

শুটিংসেটে বিরোধ, মারধরের অভিযোগ এবং পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈয়ের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। গত রোববার (৪ অক্টোবর) পৃথক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হলেও গত শুক্রবার (৬ নভেম্বর) রাতে বিষয়টি প্রকাশ্যে আসে।

সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর গত শুক্রবার রাতে প্রায় ২৫ মিনিটের একটি ফেসবুক লাইভে নিজের অবস্থান তুলে ধরেন তানজিন তিশা। সেখানে তিনি গত আট মাসের নানা ঘটনা, শুটিং সেটের বিরোধ এবং সংগঠনের সালিশ বৈঠক নিয়ে কথা বলেন।

বিজ্ঞাপন

তিশা বলেন, কাজ করতে গিয়ে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতেই পারে, কিন্তু সেই বিরোধ সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রকাশ করে কাউকে হেয় করা কিংবা তার পেশাগত ক্ষতি করা উচিত নয়। গত এক বছরে তাকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন বিতর্কের প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী বলেন, ‘শাড়িকাণ্ডসহ অনেক কিছু দেখলাম। আজ হোক বা কাল, সবকিছু সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি।’

গত মার্চে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং সেটে সামিয়া অথৈয়ের সঙ্গে বিরোধের প্রসঙ্গ টেনে তিশা দাবি করেন, সেদিন শুটিং সেটে কী ঘটেছিল, তা উপস্থিত সবাই দেখেছেন। নাটকের দৃশ্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দৃশ্যটি দেখলেই বোঝা যাবে কে আসলে ইম্প্রোভাইজ করেছে এবং নির্যাতনের যে দাবি করা হয়েছে, তা নিয়েও সত্যতা বোঝা যাবে।

সালিশ বৈঠকের বিষয়ে তিশা জানান, ঘটনার পর অভিনয়শিল্পী সংঘের উদ্যোগে দুই পক্ষের বক্তব্য শুনতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে সালিশ বৈঠক হয়, যেখানে সংগঠনের জ্যেষ্ঠ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের লিখিত নোটিশও তাঁর কাছে রয়েছে বলে জানান তিনি। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী, দুই পক্ষকে ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়ার পাশাপাশি ভিডিও বার্তা পাঠাতে বলা হয়েছিল। তবে অথৈ ভিডিও বার্তা দেননি এবং বিশেষ কারণে তিনিও তা পাঠাতে পারেননি বলে জানান তানজিন তিশা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন