ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নারী-পুরুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসাদের মধ্যে ৪৩ জন পুরুষ ও চারজন নারী রয়েছেন।

ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায়।

বিজ্ঞাপন

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, উন্নত জীবন ও ভালো কাজের আশায় দালালের মাধ্যমে প্রায় আড়াই বছর আগে সীমান্তপথে অবৈধভাবে ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রবেশ করেন এসব বাংলাদেশি। সেখানে তারা বিভিন্ন বাসাবাড়ি, কৃষিখামার ও অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করতেন। একপর্যায়ে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা।

পরে তাদের আদালতে হাজির করা হলে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দেন। সাজা অনুযায়ী কারাভোগ শেষে তামিলনাড়ুর সালেমের আত্তর ও ত্রিচি এলাকার দুটি বেসরকারি সেল্টার হোমে আশ্রয় নেন তারা।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, প্রয়োজনীয় ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ৪৭ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের গ্রহণ করে তিনটি মানবাধিকার সংস্থা,যশোর মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার।

যশোর মহিলা আইনজীবী সমিতির এরিয়া কো-অর্ডিনেটর রেখা বিশ্বাস বলেন, ভারত থেকে ফেরত আসা ৪৭ জনকে বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে আমাদের শেল্টার হোমে রাখা হয়েছে। প্রয়োজনীয় সহায়তা ও আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফেরত আসা ব্যক্তিদের অনেকেই দীর্ঘদিন পর পরিবারের কাছে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ পথে বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালালদের প্রলোভনে পড়ে অনেক বাংলাদেশি নানা ধরনের ঝুঁকির মুখে পড়ছেন। বিশেষ করে ভালো চাকরি ও বেশি বেতনের আশ্বাসে সীমান্তপথে ভারতে প্রবেশের পর আটক, কারাভোগ ও দীর্ঘদিন নিজ দেশে ফিরতে না পারার মতো পরিস্থিতির শিকার হচ্ছেন তারা। তাই বিদেশে যাওয়ার আগে বৈধ ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া অনুসরণের পাশাপাশি দালালচক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন