বগুড়া জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন নালা সংস্কারের সময় ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। রোববার বেলা ১১টার পর সিটি কর্পোরেশনের প্রধান নালা নির্মাণের অংশ হিসেবে সেখানে শ্রমিকেরা খননকাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে এক শ্রমিক নালার ভেতরের দক্ষিণ পাশের দেয়ালে মাটির নিচে ধাতব সদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে পরে সেখান থেকে কুণ্ডলীকৃত অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, শ্রমিকেরা নালার কাজ করার সময় মাটির নিচে কার্তুজগুলো খুঁজে পান। পরে পুলিশ সেগুলো গণনা করে মোট ৩৩৪ রাউন্ড গুলি নিশ্চিত করে। উদ্ধার করা গুলিগুলো মহান স্বাধীনতা যুদ্ধের সময়ের, নাকি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে খোয়া যাওয়া অস্ত্রের কার্তুজ, তা পরীক্ষা-নিরীক্ষা ও তথ্য যাচাই-বাছাইয়ের পর জানা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন জানান, উদ্ধার করা গুলিগুলো ঠিক কোন সময়ের, তা বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

