আলীরাজের নতুন শুরু

বিনোদন রিপোর্টার

আলীরাজের নতুন শুরু

নব্বই দশকের গুণী অভিনেতা আলীরাজ। থিয়েটার দিয়ে অভিনয় শুরু করে নায়করাজ রাজ্জাকের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন তিনি। নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে পার্শ্বচরিত্রের অভিনয়ে বেশি দেখা যায় তাকে। সম্প্রতি ঈদে মুক্তিপ্রাপ্ত রাক্ষস সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেতা।

সিয়াম আহমেদের পাশাপাশি নিজের শক্তিশালী অভিনয় দিয়ে দর্শকের নজর কাড়েন তিনি। এই সিনেমায় অভিনয়কে জীবনের নতুন সূচনা হিসেবে দেখছেন আলীরাজ। আলীরাজ বলেন, ‘আগের সিনেমার ধরন এক ছিল কিন্তু এখনকার ধরন অন্যরকম। আগের থেকে এখন পরিচালকরা অনেকটা ভালো গল্পের সিনেমা বানাচ্ছেন। বিশেষ করে নতুন প্রজন্মের নির্মাতারা যেসব সিনেমা বানাচ্ছেনÑএক কথায় বলতে গেলে মাথা নষ্ট।’

বিজ্ঞাপন

ইন্ডাস্ট্রিতে শিল্পীরা সিনিয়র হয়ে গেলে তাদের নিয়ে আর ভাবা হয় না। ফলে কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘরমুখো হন তারা। সিনিয়র শিল্পীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রিতে অনেক সময় অভিজ্ঞ শিল্পীদের গুরুত্ব কম দেওয়া হয়। আমি সিনিয়র হলেও এখনো কাজ করে যাচ্ছি। বলতে গেলে, ঈদে রাক্ষস সিনেমায় অভিনয় করে মনে হয়েছে আবার অভিনয় জীবন শুরু করলাম।’ থিয়েটার দিয়ে অভিনয় শুরু করে নায়করাজ রাজ্জাকের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন আলীরাজ।

খানিকটা মজার ছলে এই অভিনেতা বলেন, ‘সিয়াম, সুস্মিতা, আমি, আমরা সমবয়সি। বয়সটা আসলে সংখ্যা। তবে বয়স যত বাড়ছে, অভিজ্ঞতা তত বাড়ছে।’ নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের কাজ নিয়ে আলীরাজ জানান, ‘বরবাদ’র পর ‘রাক্ষস’ আরো ভালো হয়েছে এবং সামনে আসছে ‘বিদায়’, যা আরো উন্নত হবে বলে তার বিশ্বাস। এমন নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া নিজের জন্য বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেন তিনি।

সবশেষে ঢালিউড ইন্ডাস্ট্রির প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি ছোট। তবে সবাই যদি একসঙ্গে কাজ করি, তাহলে এটা বড় হতে সময় লাগবে না।’ দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক ছবিতে অভিনয় করেছেন আলীরাজ। বাংলাদেশ টেলিভিশনে সেলিম আল দীনের লেখা ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় ‘ভাঙনের শব্দ শুনি’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু হয়। সে সময়ে তিনি ডব্লিউ আনোয়ার নামে পরিচিত ছিলেন। এরপর নায়করাজ রাজ্জাকের হাত ধরে ১৯৮৪ সালে ‘সৎভাই’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। তার আলীরাজ নামটি অভিনেতা রাজ্জাকের দেয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন