নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ
ছবি: সংগৃহীত।

কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায় নাজিরারটেক এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের নাগরিক কিশোর আলবার্টের (১৬) লাশ সাড়ে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া বাজারসংলগ্ন সাগর উপকূলে লাশটি ভেসে আসে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও লাইফগার্ড কর্মীরা লাশটি উদ্ধার করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সাগর উপকূলে লাশ ভেসে আসার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নাজিরারটেকের কাছে সাগরে ভ্রমণের সময় নিউজিল্যান্ডের পরিবারটির নিজেদের তৈরি বোটটি ডুবে যায়। এ সময় স্থানীয় জেলেরা আলবার্টের বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফকে (১৩) জীবিত উদ্ধার করেন। পরে তাদের কোস্টগার্ড কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়। তবে নিখোঁজ ছিলেন আলবার্ট।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চারজনই নিউজিল্যান্ডের নাগরিক এবং একই পরিবারের সদস্য। সাগরপথে নিজেদের তৈরি বোট নিয়ে তারা কক্সবাজারে ভ্রমণে এসেছিলেন।

জানা গেছে, গত ৮ এপ্রিল রাতে মহেশখালীর সোনাদিয়া দ্বীপ উপকূলের কাছে সাগরে জলদস্যুদের হামলা ও ডাকাতির শিকার হয় পরিবারটি। এরপর থেকে তাঁরা কোস্টগার্ডের হেফাজতে ছিলেন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, বোটডুবির বিষয়টি নিউজিল্যান্ডের ঢাকাস্থ দূতাবাসকে অবহিত করা হয়েছিল। বুধবার বিকেলে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা কক্সবাজারে পৌঁছেছেন।

তিনি বলেন, লাশের আইনগত প্রক্রিয়া শেষে জীবিত তিন নিউজিল্যান্ডের নাগরিককে দূতাবাসের কাছে হস্তান্তর করা হবে।

তবে কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, জীবিত উদ্ধার হওয়া তিন নিউজিল্যান্ডের নাগরিক বর্তমানে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে রয়েছেন।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন