ভালোবাসা নিয়ে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে : কুমার বিশ্বজিৎ

ভালোবাসা নিয়ে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে : কুমার বিশ্বজিৎ

বাংলা গানের অনন্য শিল্পী কুমার বিশ্বজিৎ। চার দশকেরও বেশি সময় ধরে সুরের ভুবনে পথচলা তার। দীর্ঘ এই সংগীত যাত্রায় উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। নতুন গান না থাকলেও ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন কুমার বিশ্বজিৎ।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে মাঝেমধ্যেই পুরোনো দিনের গান শেয়ার করেন এই শিল্পী। দু-দিন আগে এমনই এক পোস্টে নিজের গাওয়া কয়েকটি জনপ্রিয় গান নিয়ে পোল করেন তিনি। জানতে চান, অনুসারীদের সবচেয়ে প্রিয় গান কোনটি।

বিজ্ঞাপন

কুমার বিশ্বজিতের সেই পোস্টে অল্প সময়েই জমে ওঠে মন্তব্যের ঝড়। এক হাজারেরও বেশি মন্তব্যে ভক্তরা তুলে ধরেন তাদের পছন্দের শতাধিক গানের নাম। একজন শিল্পীর গাওয়া এত বিপুলসংখ্যক গান শ্রোতাদের পছন্দের তালিকায় থাকা নিঃসন্দেহে বিশেষ এক প্রাপ্তি। ভক্তদের এই ভালোবাসায় আপ্লুত হয়েছেন কুমার বিশ্বজিৎ নিজেও।

আজ বিকেলে দেওয়া এক ফেসবুক পোস্টে কুমার বিশ্বজিৎ লেখেন, ‘গত পোস্টে আমার গাওয়া আপনাদের ভালোলাগার গানগুলো নিয়ে জানতে চেয়েছিলাম। আপনাদের অনুভূতি, অভিব্যক্তি এবং ভালোলাগার গানগুলো জানানোর জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের উল্লেখ করা পছন্দের ১২৫টি গানের মধ্যে ১০০টির বেশি মৌলিক গান চলচ্চিত্র বহির্ভূত, যা আমার মতো একজন ক্ষুদ্র সংগীতের মানুষ এবং এর সাথে সংশ্লিষ্ট গীতিকার-সুরকার-সংগীত পরিচালকসহ সবার জন্য আশীর্বাদ, প্রাপ্তি এবং অনেক বড় পুরস্কার।’

শ্রোতাদের এমন ভালোবাসায় আবেগাপ্লুত কুমার বিশ্বজিৎ আরও লেখেন, ‘হয়তো আজীবন এ গানগুলো থেকে যাবে আপনাদের অন্তরে, আপনাদের ভালোবাসায়, আর সেই ভালোবাসা নিয়ে আমাকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে! এ ভালোবাসা নিয়ে চলে যাওয়াও পরম শান্তির। এটাই সত্যি! এটাই শাশ্বত! তাই এ শাশ্বত কথার একটি গান এবারে আপনাদের জন্য উপহার।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন