ব্রিজ নির্মাণ হলেও দুঃখ দূর হয়নি ছয় গ্রামের মানুষের

ব্রিজ নির্মাণ হলেও দুঃখ দূর হয়নি ছয় গ্রামের মানুষের

গাইবান্ধার সাঘাটা উপজেলার কাকড়াগাড়ী বিলের ওপর ব্রিজ নির্মাণ করা হলেও দুর্ভোগ কমেনি ছয়টি গ্রামের মানুষের। মাত্র ৬ ফুট চওড়া ব্রিজটিতে একসঙ্গে একটি ভ্যান চলাচল করতে পারে। একটি ভ্যান ব্রিজে উঠলে বিপরীত দিক থেকে অন্য কোনো যানবাহন তো দূরের কথা, পথচারীদেরও চলাচলের সুযোগ থাকে না। ফলে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। দীর্ঘদিনের দাবির পর ব্রিজ নির্মিত হলেও সরু হওয়ার কারণে দুর্ভোগ পিছু ছাড়ছে না এলাকাবাসীর।

বিজ্ঞাপন

উপজেলার ভরতখালী ইউনিয়নের ছয়টি গ্রামের মানুষের যাতায়াতের প্রধান ভরসা কাকড়াগাড়ী খালের ওপর নির্মিত এই ব্রিজ। দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ চললেও ব্রিজটির নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোন দপ্তরের, তা নিয়েও রয়েছে অস্পষ্টতা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, ব্রিজটি তাদের আওতাধীন নয়।

কাকড়াগাড়ী খালের ওপর নির্মিত কাকড়াগাড়ী ব্রিজ দিয়ে সাকোয়া, চিথুলিয়া, গটিয়া, মান্দুরা, সিংরিয়া ও উল্যাবাজারসহ ছয়টি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করেন। প্রতিদিন প্রায় দেড় হাজার যানবাহন এই ব্রিজ দিয়ে পারাপার হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে নির্মিত ব্রিজটি একসময় শুধু পথচারীদের চলাচলের জন্য ব্যবহৃত হতো। কিন্তু বিকল্প কোনো পথ না থাকায় বর্তমানে এর ওপর দিয়ে হালকা ও মাঝারি যানবাহন চলাচল করছে। এমনকি ইট, বালি ও সিমেন্টসহ ভারী মালামাল পরিবহনের জন্য ছোট ট্রাকও ব্রিজটি ব্যবহার করছে। এতে ব্রিজের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে রেলিংয়ের একাধিক অংশ। স্থানীয়দের দাবি, এ পর্যন্ত ব্রিজটিতে একাধিক দুর্ঘটনাও ঘটেছে।

ব্রিজ দিয়ে চলাচলকারী ভ্যানচালক বিশ্বজিত বলেন, ‘দুটি ভ্যান পারাপার হওয়ার কোনো উপায় নেই। একটি এক পাশে দাঁড় করিয়ে রাখতে হয়।’ তিনি আরও বলেন, ব্রিজের ওপর ভ্যান উঠলে পথচারীদের জড়োসড়ো হয়ে পাশ দিয়ে চলাচল করতে হয়।

পথচারী জাহিদুল ইসলাম বলেন, ‘প্রতিদিনই যানজট লেগে যায়। আগে শুধু মানুষ চলাচল করলেও এখন প্রতিনিয়ত হালকা ও মাঝারি যানবাহন চলাচল করে।’

এ বিষয়ে সাঘাটা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. হেলাল জানান, এলজিইডির আওতায় নির্মিত ব্রিজ সাধারণত ১০ ফুটের কম চওড়া হয় না। কাকড়াগাড়ী ব্রিজটি ৬ থেকে ৮ ফুট চওড়া। তাই এটি তাঁদের দপ্তরের আওতাধীন নয়।

এদিকে ব্রিজটির নির্মাণসংক্রান্ত কোনো ফলক না থাকায় এটি কোন দপ্তরের মাধ্যমে নির্মিত হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মণ্ডল বলেন, ব্রিজটি সরু হওয়ায় ছয়টি গ্রামের মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন। এটি দ্রুত প্রশস্ত করা প্রয়োজন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন