হান্নান মাসুদের মিথ্যাচারের বিরুদ্ধে হাতিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন

হান্নান মাসুদের মিথ্যাচারের বিরুদ্ধে হাতিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। শনিবার হাতিয়া উপজেলা সদরে বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত বলেন, হাতিয়ার বিভিন্ন নৌঘাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে আব্দুল হান্নান মাসুদ বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ঘাটে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে—এ তথ্য সত্য হলেও এর সঙ্গে বিএনপির কোনো স্তরের নেতাকর্মীর ন্যূনতম সম্পৃক্ততা নেই।

তিনি অভিযোগ করে আরো বলেন, হাতিয়ার নলচিরা ঘাটের ইজারা নিয়েছেন হাজি আবুল কাশেম এবং বাংলা বাজার ঘাটের ইজারা নিয়েছেন নেওয়াজ উদ্দিন। তারা দুজনই আব্দুল হান্নান মাসুদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সরাসরি এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত। অতীতে দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অন্যদিকে চেয়ারম্যান ঘাটের ইজারা নিয়েছেন পার্শ্ববর্তী সুবর্ণচর উপজেলার সামিত নামে এক ব্যক্তি। এসব ইজারাদারের কারও সঙ্গেই বিএনপির কোনো সম্পর্ক নেই।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, নিজের অনুসারীদের অনিয়ম ও চড়া টোল আদায়ের নৈরাজ্য ঢাকতেই সংসদ সদস্য সংসদে ও বিভিন্ন টকশোতে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন। মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির এমন তথ্যঘটিত অসত্য বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পৌর বিএনপির সাবেক সভাপতি আরো জানান, নৌঘাটগুলোতে যাত্রীপ্রতি ৫ টাকার নির্ধারিত ফি-র পরিবর্তে ১০ টাকা আদায়ের বিষয়টি সম্প্রতি উপজেলা প্রশাসনকে অবহিত করে উপজেলা বিএনপি। এর পরিপ্রেক্ষিতে ইউএনও দুই ঘাটের ইজারাদারকে ডেকে পাঠিয়ে নির্ধারিত ৫ টাকা হারে টোল আদায়ের নির্দেশ দেন এবং প্রথমবার হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেন। কিন্তু বর্তমানে আবারো একই নিয়মে ১০ টাকা করে টোল আদায় করা হচ্ছে। এই জনভোগান্তি ও অনিয়ম বন্ধে স্থানীয় প্রশাসনকে আরো কঠোর ও সোচ্চার ভূমিকা পালনের জোর দাবি জানান বিএনপি নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাব্বির উদ্দিন মাসুম, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফাহিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মমিন উল্যাহ রাসেল, সদস্য সচিব কাউছার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু এবং সদস্য সচিব ফরহাদ হাছানসহ দলটির স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন