‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

বলিউড সুপারস্টার সালমান খানকে আবারো প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিতর্কিত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে এই হুমকি আসার পর মুম্বাই পুলিশ তাঁর বান্দ্রাস্থ বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এ পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।

পুলিশ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ জানিয়েছে, বিষ্ণোইয়ের ভাই পরিচয়ে এক ব্যক্তি সালমান খানকে হত্যার হুমকি দিয়ে এই মেসেজটি পাঠান। মেসেজটা ছিল, ‘আমি লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলছি। সালমান খান যদি বেঁচে থাকতে চান, তাহলে তাকে হয় আমাদের মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে, নয়তো পাঁচ কোটি রুপি দিতে হবে। তা না হলে আমরা তাকে মেরে ফেলব। আমাদের গ্যাং এখনো সক্রিয়।’

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ইমেইল এবং বিভিন্ন বার্তা মারফতে সালমান খানকে এই হুমকি দেওয়া হয়। বার্তাগুলোতে দাবি করা হয়, ১৯৯৮ সালের আলোচিত কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় সালমান খান বিষ্ণোই সমাজের কাছে ক্ষমা না চাইলে তাঁকে চরম পরিণতি ভোগ করতে হবে। উল্লেখ্য, বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে অত্যন্ত পবিত্র বলে গণ্য করে।

হুমকির তীব্রতা বিবেচনা করে মুম্বাই পুলিশ ইতোমধ্যে অভিনেতাকে ‘ওয়াই প্লাস’ (Y+) ক্যাটাগরির সুরক্ষা প্রদান করেছে। অভিনেতার বাসার সামনে ও আশপাশের এলাকায় ২৪ ঘণ্টা সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি তাঁর প্রতিটি যাতায়াত এবং শুটিং স্পটে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এমনকি তাঁকে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে গত বছর সালমান খানের বাসভবনের বাইরে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল, যার পেছনেও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত ছিল বলে তদন্তে উঠে আসে। ওই ঘটনার পর থেকেই কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

মুম্বাই পুলিশের অপরাধ শাখা (ক্রাইম ব্রাঞ্চ) জানিয়েছে, হুমকির উৎস চিহ্নিত করতে কাজ চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

প্রিয় তারকার একের পর এক হুমকির খবর ছড়িয়ে পড়ার পর থেকে উদ্বিগ্ন সালমান ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীরা তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য মুম্বাই পুলিশ ও প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন