বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল নির্বাচিত হয়েছেন। শুক্রবার, ২০ নভেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে ৫৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ৯২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন তারা।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আবদুর রহমান পেয়েছেন ২৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ ১৮৯ ভোট এবং অপর প্রার্থী কাজী ফারুক বাবুল পেয়েছেন ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল ২৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদে তার প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর (আওয়াল) ১৫৪ ভোট এবং অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট।
সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন রিমন মাহফুজ (২৬১ ভোট) ও হামিদ মোহাম্মদ জসিম (২২৯ ভোট)। এ ছাড়া সহসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ।
সম্পাদকীয় ও অন্যান্য পদে বিজয়ীরা হলেন, অর্থ সম্পাদক- সৈয়দা ফারজানা জামান রুম্পা (২৫৬ ভোট), সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক- ইশরাত জাহান স্বর্ণা (২৪৭ ভোট), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- পান্থ আফজাল (২৪১ ভোট), আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক- আনিসুল হক রাসেল (২৩১ ভোট), সাংগঠনিক সম্পাদক- রুহুল আমিন ভূঁইয়া (২২৬ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক- তৌফিক অপু (২২৬ ভোট), দপ্তর সম্পাদক- মহিব আল হাসান (২২৬ ভোট)।
সম্পাদকীয় পদগুলোর মধ্যে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে। এতে তৌফিক অপু মাত্র ১৯ ভোটের ব্যবধানে আমিনুর ইসলাম লিটনকে (২০৭ ভোট) পরাজিত করেন।
কার্যনির্বাহী সদস্যের নয়টি পদে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন। এই পদে নির্বাচিত অন্য সদস্যরা হলেন— সুকন্যা আমির, রুহুল সাখাওয়াত, রাজু আলীম, অরণ্য শোয়েব, সালাম মাহমুদ, শাকিল হোসেন, হাফিজ রহমান এবং সালাম ফারুক।
শুক্রবার দুপুর ১২টায় বাচসাস নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। জুমার নামাজের বিরতির পর বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। এবারের নির্বাচনে ৪৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ‘আবদুর রহমান-রাহাত সাইফুল’ এবং ‘কামরুল হাসান দর্পণ-আহমেদ তেপান্তর’—এই দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এরফানুল হক নাহিদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

