ইয়াবাসহ আটক কৃষকদল নেতা কারাগারে, দল থেকে বহিষ্কার

ইয়াবাসহ আটক কৃষকদল নেতা কারাগারে, দল থেকে বহিষ্কার

জামালপুরের মেলান্দহে ইয়াবাসহ আটক এক কৃষকদল নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা কৃষকদল। তিনি জাতীয়তাবাদী কৃষকদলের ১ নম্বর দুরমুঠ ইউনিয়ন শাখার সভাপতি ।

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যায় উপজেলা কৃষকদলের সভাপতি মো. মতিউর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক শাহজামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত ওই নেতার নাম মো. মতিউর রহমান তারা তালুকদার (৫৬)। তিনি মেলান্দহ উপজেলার সিন্দুরা ফসল গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মতিউর রহমান তারা তালুকদারকে কৃষকদলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উপজেলা শাখাসহ দলের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে রোববার দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তার বাড়ির আঙিনা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার কর। পরে তাকে আটক করা হয়।

বহিষ্কারের বিষয়ে মেলান্দহ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহজামাল বলেন, ‘সংগঠন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সংগঠনবিরোধী কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

এ বিষয়ে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর অফিসার ইনচার্জ মো. সজীব রহমান বলেন, ‘সোমবার দুপুরে মাদকের মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন