জাতীয় চলচ্চিত্র পুরস্কার

মা বেঁচে থাকলে প্রাপ্তিটা শতভাগ পূর্ণতা পেত : অর্ষা

বিনোদন রিপোর্টার

মা বেঁচে থাকলে প্রাপ্তিটা শতভাগ পূর্ণতা পেত : অর্ষা

নাজিয়া হক অর্ষা বাংলাদেশের একজন গুণী অভিনেত্রী। তার অভিনীত বহু নাটক এই দেশের নাট্যপ্রেমী দর্শককে মুগ্ধ করেছে। তবে এবার তিনি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হতে যাচ্ছেন।

খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমা ‘ওরা সাতজন’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অর্ষা। ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এই সিনেমায় (জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নিয়ম অনুযায়ী তার অভিনীত চরিত্রটিকে পার্শ্ব চরিত্র বলা হয়) অভিনয়ের জন্য অর্ষা প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

অর্ষা তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাব এ বিষয়টি আমার কাছে অনেকটা অপ্রত্যাশিতই ছিল। তবে আমার এই পুরস্কারপ্রাপ্তিতে যে মানুষটি সবচেয়ে বেশি খুশি হতেন তিনিই আজ আমাদের মাঝে নেই। আমি আমার মায়ের কথা বলছি। যেহেতু মায়ের কারণেই আমার আজ এই পর্যায়ে আসা এবং মা সর্বশেষ ওরা সাতজন সিনেমাটি আমার সঙ্গে হলে গিয়েই দেখেছিলেন, তাই এই রাষ্ট্রীয় সম্মাননা মা নিজের চোখে দেখে যেতে পারলে আমার আত্মা শান্তি পেত, আমার অনেক অনেক ভালো লাগত।’

তিনি আরো বলেন, ‘পুরস্কার পাচ্ছি নিশ্চয়ই অনেক আনন্দের বিষয়। কিন্তু যার কারণে আমার এই প্রাপ্তি তিনিই আজ নেই আমাদের মাঝে। তাই সবকিছু মিলিয়ে আমি একটু চুপচাপই আছি। কারণ, ভীষণ এক শূন্যতা অনুভব করছি প্রতিটি মুহূর্তে। কারণ, মা বেঁচে থাকলে এই প্রাপ্তিটা শতভাগ পরিপূর্ণতা পেত। তারপরও আমি কৃতজ্ঞ এই সিনেমার পরিচালকসহ এর সঙ্গে যুক্ত থাকা সবার প্রতি। কৃতজ্ঞ বিচারকদের প্রতি যারা আমাকে চূড়ান্ত করেছেন এবং আমার ভক্ত দর্শকের প্রতি।’

অর্ষা জানান গতকাল ও আজ তিনি দীপ্ত টিভির প্রচারিত ধারাবাহিক নাটক ‘খুশবু’র শুটিংয়ে ব্যস্ত থাকবেন। উল্লেখ্য, ২০২৫ সালে অর্ষার মা ‘মা পদক ২০২৫’-এ ভূষিত হয়েছিলেন। এই সম্মাননা তিনি নিজে গ্রহণ করেছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...