বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের দিনব্যাপী শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার চট্টগ্রামের ষোলশহরে এলজিইডি ভবনের কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নূরুল আমিন ঋণ বিতরণ ও আদায়, আমানত সংগ্রহ এবং রেমিট্যান্স আহরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ব্যাংকের নির্ধারিত সব লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন নিশ্চিত করতে শাখা ব্যবস্থাপকদের প্রতি নির্দেশনা দেন তিনি।
তিনি বলেন, আর্থিক অন্তর্ভুক্তির আওতায় পর্যায়ক্রমে নারী উদ্যোক্তাদের সিএমএসএমই ঋণ প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। এর মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি ব্যাংকটিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
ব্যাংকের গ্রাহকদের প্রতি আরও দায়িত্বশীল ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে চেয়ারম্যান বলেন, দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যাংকের সুনাম ও আস্থা ধরে রাখতে কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও মোহা. খালেদুজ্জামান।
চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বপ্রাপ্ত) মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান, আইসিটি মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন রাজীব, চট্টগ্রামের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, করপোরেট শাখা প্রধান, বিভাগীয় ও আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন শাখার কার্যক্রম, ঋণ বিতরণ ও আদায়, আমানত সংগ্রহ, রেমিট্যান্স আহরণ এবং ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ব্যাংকের সেবার মান আরও উন্নত করা এবং আর্থিক অন্তর্ভুক্তির কার্যক্রম জোরদারের বিষয়ে শাখা ব্যবস্থাপকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
দিনব্যাপী এ সম্মেলনের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের শাখাগুলোর কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার পাশাপাশি ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয় ও কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


