গবেষণার মান ও সক্ষমতা দেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি দেওয়ার চিন্তা ইউজিসির

গবেষণার মান ও সক্ষমতা দেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি দেওয়ার চিন্তা ইউজিসির

দেশের যোগ্য ও সক্ষম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি ডিগ্রি প্রদানের সুযোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তবে গবেষণার মান ও একাডেমিক সততা নিশ্চিত করেই এ সুযোগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ‘রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ কথা বলেন।

তিনি বলেন, সব বেসরকারি বিশ্ববিদ্যালয় পিএইচডি ডিগ্রি দেওয়ার সুযোগ পাবে না। প্রয়োজনীয় যোগ্যতা ও সক্ষমতা থাকা বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে এ সুযোগ দেওয়া হবে।

পিএইচডি ডিগ্রি অর্জনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ যাতে না ওঠে, সে জন্য গবেষণার মান নিশ্চিত করার ওপর জোর দেন ইউজিসি চেয়ারম্যান।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, ‘আমরা চাই মানসম্মত গবেষণা এবং সেই মানসম্মত গবেষণার মাধ্যমে মানসম্মত পিএইচডি।’

দেশে যোগ্য শিক্ষক ও গবেষকের সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সংকট কাটাতে পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষণার সুযোগ বাড়ানো প্রয়োজন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান বলেন, ট্রাস্টি বোর্ড ও একাডেমিক প্রশাসনকে নিজ নিজ দায়িত্বের সীমারেখা মেনে কাজ করতে হবে।

ট্রাস্টি বোর্ড একাডেমিক প্রশাসনের কাজে হস্তক্ষেপ করবে না, বলেন তিনি।

বর্তমানে ইউজিসিকে ট্রাস্টি বোর্ডের অভ্যন্তরীণ দ্বন্দ্বের পাশাপাশি ট্রাস্টি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রশাসনের মধ্যকার বিরোধও সামলাতে হচ্ছে বলে জানান তিনি।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এ সংশ্লিষ্টদের দায়িত্ব ও ভূমিকা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে জানিয়ে মামুন আহমেদ বলেন, সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে এ ধরনের বিরোধের কারণ থাকার কথা নয়।

ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হক এবং বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউট ফর রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক ড. তানভীর ফেরদৌস সাঈদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন