পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রদলের কমিটি গঠনের এক সপ্তাহ পর তা বাতিল ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সব ইউনিট কমিটি বাতিল ও তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী।
গত ১৭ আগস্ট মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ ও সাধারণ সম্পাদক নাজমুল মৃধা ছয়টি ইউনিয়ন কমিটির অনুমোদন দিয়েছিলেন। একই দিনে সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসেনসহ সাতজনের স্বাক্ষরে পাঁচটি ইউনিয়নের পাল্টাপাল্টি কমিটি অনুমোদন করা হয়।
এতে ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার হয়।
এ ঘটনায় ছাত্রদলের ৯ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ।
পরবর্তীতে সোমবার রাতে কেন্দ্রীয় কমিটি এক চিঠির মাধ্যমে সব ইউনিট কমিটি বাতিল ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী বলেন, ‘মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছিল। বিষয়টি জানার পর আমরা দুই পক্ষকেই শোকজ নোটিশ দিয়েছি। সোমবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এক চিঠির মাধ্যমে সব ইউনিট কমিটি বাতিল ও কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

