শুরু হচ্ছে ‘এমব্রেস অব দি আর্থ’

বিনোদন ডেস্ক

শুরু হচ্ছে ‘এমব্রেস অব দি আর্থ’

শিল্পী রাজিব আহসেনের প্রথম একক প্রদর্শনীর নাম ‘এমব্রেস অব দি আর্থ’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন আজ সন্ধ্যা ৬টায়। উপস্থিত থাকবেন শিল্পী প্রফেসর জামাল আহমেদ। আজ শুরু হয়ে এ প্রদর্শনী চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে। আয়োজকেরা জানান, ‘এমব্রেস অব দি আর্থ’ একটি গভীর ব্যক্তিগত ও আবেগঘন শিল্প উপস্থাপনা। এটি স্মৃতি, স্থান ও রূপান্তরের অভিজ্ঞতার ভেতর থেকে নির্মিত। জলরং ও অ্যাক্রিলিকে নির্মিত প্রায় ৩৬টি চিত্রকর্ম নিয়ে এ প্রদর্শনী গ্রামীণ জীবনের অন্তরঙ্গতা ও নগরজীবনের পরিবর্তিত বাস্তবতার মধ্যে একটি দৃশ্যমান সেতুবন্ধ তৈরি করে।

শৈশব ও কৈশোরে গ্রামের মাটির পথের ধুলা, শান্ত খাল-বিল, বিস্তীর্ণ নদীর পাড় এবং কৃষিনির্ভর জীবনের ছন্দের ভেতরে বেড়ে উঠেছেন রাজিব আহসেন। শিল্পচর্চায় তিনি কৃত্রিম বয়ানের পরিবর্তে জীবনের বাস্তব অভিজ্ঞতাকেই প্রধান উৎস হিসেবে গ্রহণ করেছেন। সাধারণ মানুষের জীবন ও তাদের সরল সৌন্দর্য তার শিল্পভাষাকে স্বতঃস্ফূর্তভাবে নির্মাণ করেছে। এ উপাদানগুলো শিল্পীর কাজে সচেতনভাবে নির্ধারিত বিষয় হিসেবে নয়; বরং সময়ের সঙ্গে গভীরে প্রোথিত অনুভূতি রূপে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

এ প্রদর্শনীতে শিল্পী গ্রামীণ জীবনের উন্মুক্ততা ও প্রাণশক্তি থেকে নগরজীবনের কাঠামোবদ্ধ এবং কখনো কখনো বেসুরো গতিতে তার ধীরে ধীরে অগ্রযাত্রার অভিজ্ঞতা তুলে ধরেছেন। তার চিত্রকর্মে সংবেদনশীলভাবে ধরা পড়ে এ পরিবর্তন, যেখানে নস্টালজিয়া, অভিযোজন ও পরিচয়ের বিষয়গুলো একে অন্যের সঙ্গে মিশে যায়। প্রাণবন্ত তুলির আঁচড়, স্তরবিন্যাসপূর্ণ টেক্সচার এবং আলো-রঙের সূক্ষ্ম ব্যবহারে প্রতিটি কাজ স্মৃতি ও বর্তমানের এক অনন্য মেলবন্ধন তৈরি করে।

রাজিব আহসেনের শিল্পচর্চা তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং স্থান ও স্মৃতির সঙ্গে গভীর সংযোগ দ্বারা প্রভাবিত। তিনি ঢাকা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ষষ্ঠ ফ্রেন্ডশিপ আর্ট এক্সিবিশন ও সপ্তম কাহাল ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশনের পাশাপাশি জাপানের টোকিওতে অনুষ্ঠিত অষ্টম কাহাল ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ারে অংশ নিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন