ভারতে দিল্লির রাজপথে প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা এর আগে পাশে পেয়েছেন শাবানা আজমী, প্রকাশ রাজসহ জনপ্রিয় সব বলিউড তারকাকে। যত সময় গাড়াচ্ছে, আন্দোলনে যোগ দিচ্ছেন বর্ষীয়ান তারকারা।
নাসিরুদ্দিন শাহ, সালমান খান, প্রীতি জিনতাসহ জনপ্রিয় সব তারকাকে পাশে পেয়ে আন্দোলন বেগবান হচ্ছে। অন্যদিকে জেনজিদের দল ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে মুখ না খোলায় সামাজিকমাধ্যমে সমালোচনার শিকার হচ্ছেন অনেক তারকা। বলিউডের বিখ্যাত খান, কাপুর ও বচ্চন পরিবারের সদস্যরা আন্দোলন নিয়ে চুপ থাকায় কটাক্ষের শিকার হচ্ছেন। তবে সেক্ষেত্রে ব্যতিক্রম সালমান খান। শাহরুখ-আমির থেকে অমিতাভ কিংবা কাপুর পরিবারের সদস্যরা যখন শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে একেবারে চুপ, তখন নিজের ছাত্রজীবনের ছবি দিয়ে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ালেন ‘ভাইজান’, যা দেখে অনুরাগীরা বলছেন, ‘টাইগার আভি জিন্দা হ্যায়’।
গত বুধবার গভীর রাতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কলম ধরেন সালমান। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ছাত্রজীবনের সাদা-কালো একটি ছবি শেয়ার করে তিনি বলেন, ‘আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ ছিল; কিন্তু শেষ পর্যন্ত যেমন সহিংস রূপ নিল, সেটা সত্যিই দুঃখজনক! যারা আহত হয়েছেন, সেসব শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি রইল। প্রশ্নপত্র ফাঁস আদতেই শিক্ষাব্যবস্থার এক গুরুতর সমস্যা। তবে আমাকে এটা আনন্দ দিচ্ছে যে, উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে আমাদের দেশের শিক্ষার্থীরা একজোট হয়েছে এবং তাদের অভিভাবকরাও পাশে দাঁড়িয়েছেন। ওরা দৃঢ় কণ্ঠে যে অবস্থান নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।’
শুধু তা-ই নয়, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েও কিন্তু সতর্কবাণী দিয়েছেন সালমান। বলিউডের এই সুপারস্টারের ভাষ্য, ‘এ আন্দোলন মূলত শিক্ষার্থী ও দেশের শিক্ষাব্যবস্থার মধ্যকার একটি বিষয়, তাই এ আন্দোলনকে কোনো রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। এর কৃতিত্ব শুধু শিক্ষার্থীদের প্রাপ্য। আমার বিশ্বাস, সরকারও তাদের পূর্ণ সহায়তা করবে এবং শিক্ষাব্যবস্থাকে আরো শক্তিশালী করে তুলবে। আখেরে এটা সবার জন্যই ফলপ্রসূ হবে। ইতিবাচক ফলের আশাই রাখছি আমি। যারা শিক্ষিত হতে চায়, সৃষ্টিকর্তা তাদের সবার মঙ্গল করুন।’
জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা উদ্বেগ প্রকাশের পর তোপের মুখে পড়েন। তবে সেটার বিপরীতে তিনি পুনরায় আরো স্পষ্ট প্রতিবাদ জানিয়েছেন। প্রীতি তার পোস্টে লেখেন, ‘শিক্ষার্থীদের সমর্থন করা এবং শিক্ষার সংস্কার দাবি করা অত্যন্ত জরুরি, যা তরুণদের ভবিষ্যতের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। তবে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন যেন কোনো দেশবিরোধী গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেদিকেও নজর দেওয়া প্রয়োজন। অনলাইনে এত ঘৃণা ও বিভাজন দেখে আমার মনে প্রশ্ন জাগছে—দেশের ভেতরের ও বাইরের কিছু অপশক্তি কি আমাদের শিক্ষার্থীদের ক্ষোভ ও হতাশাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে কাজ করা শুরু করেছে?’
অভিনেতা নাসিরুদ্দিন শাহ সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে দেশ পরিচালনাকারীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িত দিল্লির পুলিশদের ‘গুণ্ডা’র সঙ্গে তুলনা করেছেন তিনি। তাদের তুলনা করেছেন একটি বিদেশি সংস্থার এজেন্টের সঙ্গেও। পাশাপাশি আশা না ছেড়ে শিক্ষার্থীদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন। ভারতীয় শিল্পী অরিজিৎ সিং সরকারের মন্ত্রী ও দলের নেতারা নিজেদের ভগবান ভাবছেন কী না, সে প্রশ্ন তুলেছেন। অরিজিৎ এক্সে এক পোস্টে লিখেছেন, ‘আরে, এখন তো আপনারা শিক্ষার্থীদের পেটাচ্ছেন! আপনারা এতটুকুও লজ্জিত নন? এই যে নেতা-মন্ত্রীরা, নিজেদের কি ভগবান মনে করছেন? সব মনে থাকবে। মনে রাখবেন, পরিবর্তনই হলো একমাত্র নিয়ম।’
পুলিশের হামলার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে অভিনেতা রাজকুমার রাও এক লিখিত বার্তায় বলেন, ‘তরুণরা যখন নিজেদের অবহেলিত মনে করে, তখন সমাজ ও রাষ্ট্রের উচিত তাদের কথা শোনা। প্রতিটি কণ্ঠস্বরের সম্মান, ন্যায্যতা ও মর্যাদার সঙ্গে শোনার অধিকার রয়েছে। তবে মনে রাখতে হবে, শান্তিপূর্ণ উপায়ে কথা বলা আমাদের আসল শক্তি। সহিংসতা কেবল কষ্ট বাড়ায়, যেকোনো সঠিক সমাধান থেকে আমাদের দূরে সরিয়ে দেয়।’
জনপ্রিয় র্যাপার হানি সিং এক বার্তায় লিখেছেন, ‘আমাদের দেশের তরুণরা অমর।’ বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর সম্প্রতি ‘জাস্টিস ফর স্টুডেন্টস’ লেখা একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থীর পাশে আমি আছি। আমি তোমাদের সমর্থন করি এবং তোমাদের শক্তির জন্য প্রার্থনা করি। তোমাদের স্বপ্নগুলোর গুরুত্ব অনেক। শক্ত থেকো।’
‘ধুরন্ধর’ খ্যাত অভিনেত্রী আয়েশা খান গিয়েছেন মুম্বাইয়ের দাদারে। সেখানেও শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল। কিন্তু বিক্ষোভস্থলে যাওয়ার পরই পুলিশের হাতে আটক হন অভিনেত্রী। তবে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন করছে দেশটির জেনজিদের নিয়ে গঠিত ককরোজ জনতা পার্টি। আন্দোলন দিনকে দিন সহিংস রূপ নিচ্ছে। পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেলের মুখে জেনজিদের আন্দোলনে বলিউড তারকাদের যোগ দেওয়াকে সাধুবাদ জানাচ্ছেন আন্দোলনকারীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

