“তুমি ভবিষ্যতে কী হতে চাও?”—শিক্ষার্থীদের কাছে প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার করা এই এক প্রশ্নেই একে একে উঠে আসে নানা স্বপ্নের কথা। কেউ ডাক্তার হতে চায়, কেউ আইনজীবী। কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার হয়ে প্রযুক্তির জগতে কাজ করতে চায়। কেউ শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে জ্ঞান ছড়িয়ে দিতে চায়। আবার কেউ মনোবিজ্ঞানী, পুলিশ কিংবা ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্নের কথা জানায়।
প্রশাসন ক্যাডারে যেতে চাওয়া এক ছাত্রীকে মজা করে প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা জিজ্ঞেস করেন, “তুমি কি খুব খবরদারি করবে?” তার এ প্রশ্নে হাসিতে মুখর হয়ে ওঠে পরিবেশ।
মনোবিজ্ঞানী হতে চাওয়া এক ছাত্রীকে তিনি বলেন, “বাহ, দারুণ তো! দেশকে ভালোবেসে সব করতে হবে, ঠিক না?”
এরপর শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের সম্পদ লুণ্ঠন করা যাবে না, মানুষের ওপর অন্যায়-অত্যাচার করা যাবে না। যে পেশাতেই যাওয়া হোক, সততা, দেশপ্রেম ও মানুষের সেবাকে গুরুত্ব দিতে হবে।
ছাত্রদের কাছেও তিনি জানতে চান, “তুমি ভবিষ্যতে কী হতে চাও?” উত্তরে উঠে আসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেনাবাহিনীর প্রধান, শিক্ষক ও পাইলট হওয়ার স্বপ্ন।
সেনাবাহিনীর প্রধান হতে চাওয়া এক শিক্ষার্থীকে তিনি প্রশ্ন করেন, “তুমি কেন সেনাবাহিনীর প্রধান হতে চাও?” শিক্ষার্থীর দৃঢ় উত্তর, “দেশের জন্য হতে চাই।”
তখন প্রফেসর ড. ইলিয়াস মোল্লা বলেন, “দেশের জন্য কাজ করতে হলে জীবন বাজি রেখে দেশকে রক্ষা করতে হবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। তোমাদের স্বপ্নই আমাদের স্বপ্ন।”
সব শিক্ষার্থীর সঙ্গে কথা বলা সম্ভব না হলেও যারা নিজেদের স্বপ্নের কথা জানিয়েছে, তাদের স্বপ্ন শুনে আনন্দ প্রকাশ করেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের স্বপ্নই আমাদের স্বপ্ন। তোমাদের ওপর নির্ভর করছে আমাদের আগামী ভবিষ্যৎ। তোমরাই আগামী দিনের বাংলাদেশ।”
তিনি বলেন, “তোমরা যে পেশাতেই যাও, সৎ থাকতে হবে, দেশকে ভালোবাসতে হবে এবং মানুষের জন্য কাজ করতে হবে। দেশের সম্পদ লুণ্ঠন নয়—দেশ গড়ার স্বপ্ন দেখতে হবে। প্রশাসনে গেলে মানুষের ওপর নির্যাতন নয়—মানুষের সেবা করতে হবে।”
তিনি আরও বলেন, “ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, পাইলট, পুলিশ, সেনাবাহিনীর কর্মকর্তা, মনোবিজ্ঞানী কিংবা প্রযুক্তিবিদ—তোমাদের প্রত্যেকের স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ।”
সবশেষে তিনি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের জন্য শুভকামনা জানিয়ে বলেন, “আল্লাহ তায়ালা তোমাদের প্রত্যেকের স্বপ্ন কবুল করুন। আর তোমাদের স্বপ্ন পূরণে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


