আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রেশার কুকার হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের সিনেমা : মারিয়া শান্ত

বিনোদন রিপোর্টার

প্রেশার কুকার হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের সিনেমা : মারিয়া শান্ত

মারিয়া শান্ত, ছোট পর্দার জনপ্রিয় ‍মুখ। তার অভিনীত ‘নাম রেখেছি প্রেমিক’, ‘ফুলবাহার’, ‘পরাণের আধখান’, ‘আলাদিনের প্রদীপে যেভাবে দৈত্য এলো’, ‘বুক পকেটের গল্প’, ‘সানগ্লাস’, ‘ভাইভাম্যান’, ‘হৃদয় গভীরে’সহ বেশকিছু নাটক তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এবার বড় পর্দায় পা রাখছেন এই অভিনেত্রী। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘প্রেশার কুকার’। এটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। সিনেমায় অভিষেক ও প্রত্যাশার কথা জানিয়েছেন দৈনিক আমার দেশকে। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মাদ আসাদুল্লাহ

কেমন আছেন?

বিজ্ঞাপন

খুবই ভালো।

প্রেশারে আছেন?

হ্যাঁ, কিছুটা।

কী নিয়ে প্রেশার?

এবার ঈদে আমার একটি সিনেমা মুক্তি পাচ্ছে। সিনেমার নাম প্রেশার কুকার। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এই সিনেমায় শবনম বুবলী, নাজিফা তুষি ও স্নিগ্ধা চৌধুরীসহ বেশকিছু মেধাবী শিল্পীর সঙ্গে কাজ করেছি। এটি আমার স্বপ্নের একটি সিনেমা। প্রথম সিনেমার প্রেশার তো আছেই। পাশাপাশি অন্যান্য প্রেশারও আছে।

প্রথম সিনেমায় কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

সিনেমা না করলে বোঝা যায় না যে এর পেছনে কত সুন্দর অভিজ্ঞতা থাকে। সিনেমা মানে অনেক দিনের জার্নি। অনেক দিন একটা নির্দিষ্ট চরিত্র ধরে রাখা, একটা কাজ নিয়ে বেশ কয়েকদিন পড়ে থাকাটা তো নাটকে হয় না। সব মিলিয়ে সিনেমা দারুণ এক অভিজ্ঞতা।

প্রেশার কুকারে আপনার চরিত্রটা নিয়ে যদি বলতেন।

আমার চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং ছিল। টিনএজ একটা চরিত্রে কাজ করেছি। চরিত্রের লম্বা একটা জার্নি আছে। আর বেশি বলতে চাইছি না। দর্শক সিনেমা দেখলে বুঝতে পারবেন।

প্রথম সিনেমাই রায়হান রাফীর সঙ্গে। যুক্ত হওয়ার গল্পটা যদি পাঠককে শোনাতেন।

যুক্ত হওয়ার বিশেষ কোনো গল্প নেই। আমি অডিশন দিয়েছিলাম। ডিরেক্টর অডিশন পছন্দ করেছেন। যুক্ত করে নিয়েছেন।

এই সময়ে ঢাকাই সিনেমায় বলা যায় সবচেয়ে বড় নির্মাতা রায়হান রাফী। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?

খুবই ভালো। রাফী অনেক মেধাবী নির্মাতা। সব সময়ই চাইতাম আমার যেন রায়হান রাফীর সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়। এত তাড়াতাড়ি হয়তো সিনেমা করতাম না। রাফীর সিনেমায় সুযোগ পাওয়ায় আর সাত-পাঁচ ভাবিনি।

বাংলাদেশের সিনেমার কম প্যাটার্ন হলোÑ নায়ক-নায়িকা, নাচ-গান, অ্যাকশন। প্রেশার কুকারে চার নায়িকা, কোনো নায়ক নেই। প্রথম সিনেমা হিসেবে রিস্ক হয়ে গেল কি না?

আমার কাছে একদমই মনে হয় না। সিনেমায় নায়কদের প্রাধান্য দেওয়া হয়, নায়কদের ঘিরে গল্প তৈরি হয়। এই বিষয়টা বদলানো উচিত। আমাদের দেশে নারী বেশি। নারীকেন্দ্রিক গল্পও ভাবা উচিত। সেই জায়গা থেকে প্রেশার কুকারের গল্পটা নারীদের নিয়ে এগিয়েছে। গল্পটা এত সুন্দর, দর্শকদের জন্য মাস্টওয়াচ সিনেমা হবে এটা।

দর্শক দেখবে?

এখন দর্শক প্রচুর বাইরের সিনেমা দেখে। প্রায় সবাই নেটফ্লিক্স দেখে। গল্পনির্ভর সিনেমা দেখে। প্রেশার কুকার গল্পনির্ভর এবং আন্তর্জাতিক মানের সিনেমা। এরকম কাজ বাংলাদেশে আগে কখনো হয়নি। আমি খুবই সৌভাগ্যবতী এত সুন্দর সিনেমা দিয়ে অভিষেক হলো। সিনেমাটা সবার দেখা উচিত। আমার বিশ্বাস দর্শক সিনেমাটা শুধু দেখবেই না, হইচই ফেলে দেবে।

সিনেমায় অভিষেক হয়ে গেল। এখন কী আবার নাটকে ফিরে যাবেন নাকি সিনেমায় নিয়মিত হবেন?

আমি এভাবে ভাবছি না। কোন প্ল্যাটফর্মে কাজ করলাম সেটা আমার দেখার বিষয় না। আমি সব সময় ভালো কাজ করতে চাই। সেটা নাটক হোক, ওটিটি হোক কিংবা সিনেমা। ভালো কাজ পেলে আর সময় সুযোগ মিললে অবশ্যই করব।

সম্প্রতি শিল্প ও বাণিজ্যের মিশ্রণে অ্যাকশন সিনেমা নির্মাণের ধারা চালু হয়েছে। আবার শিল্পনির্ভর ও বাণিজ্যনির্ভর নামে আলাদা দুটি ধারাও চালু আছে। আপনি কোন ধারায় কাজ করতে চান?

আমি সব ধরনের ভালো কাজ করতে চাই। নাচ, গান, অ্যাকশনের সিনেমা যেমন করতে চাই, আবার শিল্পনির্ভর, গল্পনির্ভর সিনেমায়ও কাজ করতে চাই। নির্দিষ্ট কোনো ধারায় আটকে রাখতে চাই না। আমি যদি টানা রোমান্টিক ধারায়ই কাজ করি আমিই আমাকে দেখে বিরক্ত হয়ে যাব।

বুবলি, নাজিফা তুষিদের সঙ্গে কাজ করলেন। সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

গল্পের কারণে বাকিদের সঙ্গে আমার খুব একটা দেখা-সাক্ষাৎ হয়নি। তুষি আপুর সঙ্গে কিছুটা দেখা হয়েছে। তবে যেটুকু সময় কাটিয়েছি সবার সাথে, সবাই খুবই হেল্পফুল ছিলেন। ফলে অভিজ্ঞতাটাও দারুণ ছিল।

দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন

আমি আবারও বলছি, এটা মাস্টওয়াচ একটি সিনেমা। মেয়েদের জন্য দেখাটা যেমন জরুরি, তেমনি ছেলেরাও এই সিনেমা থেকে অনেক শিক্ষণীয় বিষয় পাবেন। সব শেষে বলতে চাই, নারী-পুরুষ নির্বিশেষে আপনারা সবাই হলে আসুন, সিনেমাটা দেখুন। আশা করি কেউ হতাশ হবেন না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...