সাত বছর পর টেলিভিশনের পর্দায় আসছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। ৪ এপ্রিল, শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে থাকবেন তিনি। এটিই বিপাশা হায়াতের অংশগ্রহণে প্রথম পডকাস্ট শো।
২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন তিনি। নাটক, সিনেমা থেকে দূরে থাকলেও চিত্রকলার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছেন। অভিনয়ে ফেরা প্রসঙ্গে বিপাশা হায়াত পডকাস্টে জানিয়েছেন, অভিনয় থেকে তিনি অবসর নেননি। ক্যারিয়ারের এ পর্যায়ে তিনি সেসব চরিত্রেই অভিনয় করতে চান, যেসব চরিত্রে তিনি ঘাম ঝরাবার সুযোগ পাবেন, অর্থাৎ চরিত্র হয়ে ওঠার জন্য যেখানে কঠিনতম সাধনা করার সুযোগ থাকবে, সেসব চরিত্রেই তিনি সানন্দে অভিনয় করবেন।
নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ মূলধারার অনেক বাণিজ্যিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, এমনকি বলিউড থেকেও হিন্দি সিনেমার প্রস্তাবও পেয়েছিলেন বলে জানান বিপাশা। সুযোগ পেলে আমাদের দেশের পথ শিশুদের জন্য নিয়মিত কাজ করতে চান তিনি। এ ব্যাপারে তিনি বেশ সোচ্চার।
বিপাশা হায়াত বলেন, যখনই সরকারের বা প্রশাসনের কারো সাথে আমার দেখা হয়, আমি বিনীত অনুরোধ জানাই পথ শিশুদের পাশে দাঁড়াবার জন্য। পডকাস্টে এ বিষয়ে নিজের কিছু অভিনব ভাবনার কথাও শেয়ার করেছেন তিনি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

