গণপতি পরিবারে হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করলেন জামায়াত এমপি

গণপতি পরিবারে হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করলেন জামায়াত এমপি

রংপুর মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের মাছুয়াপাড়ায় নিজ বাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ সপরিবারে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর আমির ও আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এ টি এম আজম খান।

ঘটনাস্থল পরিদর্শনকালে তারা হত্যাকাণ্ডের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং এ হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

বিজ্ঞাপন

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার, প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

এ টি এম আজম খানও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অপরাধী যে পরিচয়েরই হোক না কেন, তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

এ সময় বক্তারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারাও এ হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটিত হবে এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। অপরাধীর কোনো পরিচয় নয়, অপরাধের বিচারই হোক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...