কথায় আছে, ‘কয়লা ধুইলে ময়লা যায় না’। ঠিক তেমনি কৃপণ মানুষ যতই টাকার মালিক হোক না কেন, সেই টাকা সে নিজে যেমন ভোগ করতে পারে না, অন্যকেও করতে দেয় না। এমনই এক গল্প নিয়ে সম্প্রতি রাজীব মণি দাসের রচনা ও পলাশ মণি দাসের পরিচালনায় নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘কিপ্টুস আনলিমিটেড’।
টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, রেজমিন সেতু, শফিক খান দিলু, সায়কা আহমেদ, তারিক স্বপন, তাবাসসুম মিথিলা, ফরিদ হোসাইন প্রমুখ।
টেলিফিল্মটি আগামীকাল (২৯ জুলাই) বিকেল ৩টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’-তে প্রচারিত হবে।
নাট্যকার রাজীব মণি দাস বলেন, “কৃপণতা নিয়ে এর আগেও অনেক নাটক নির্মিত হয়েছে, তবে ‘কিপ্টুস আনলিমিটেড’-এর গল্পে দর্শক ভিন্ন কিছু দেখতে পাবেন। গল্প যদি গল্পের মতো না হয়, তবে সে গল্প লিখে কোনো লাভ নেই। আমি সবসময় গল্পের ভিন্নতা চিন্তা করেই লিখি, এখানেও তার ব্যতিক্রম হয়নি।”
কাহিনির সারসংক্ষেপে দেখা যায়, সামির দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে স্থায়ীভাবে দেশে চলে আসে। দেশে এসে সে আলিয়া নামের এক মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করে। বিয়ের জন্য প্রস্তুত না থাকলেও পরিবারের চাপে রাজি হতে হয় আলিয়াকে। কারণ তার পরিবার ও আত্মীয়স্বজনের যুক্তি ছিল—ছেলে দীর্ঘদিন বিদেশে ছিল, অনেক টাকা আছে, সুখে থাকতে পারবি। এমন পাত্র কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।
এমনই প্রেক্ষাপটে দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিন-তারিখ ঠিক হয়। তবে পাত্রী দেখতে যাওয়ার সময় থেকেই প্রকাশ পেতে শুরু করে সামিরের চরম কৃপণতার নানা রূপ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

