নাটকে পারিবারিক গল্পের জয়জয়কার, ৫০ পর্বে ‘আমাদের সংসার’

নাটকে পারিবারিক গল্পের জয়জয়কার, ৫০ পর্বে ‘আমাদের সংসার’

আমাদের নাট্যাঙ্গনে বর্তমানে পারিবারিক গল্পের নাটক নির্মাণের হিড়িক পড়েছে। দর্শকরা পুনরায় পারিবারিক বন্ধন ও আবেগঘেরা গল্প দেখতে চাওয়ায় নির্মাতারাও নাট্যকারদের কাছে এমন গল্পের স্ক্রিপ্ট লেখার অনুরোধ জানাচ্ছেন। এই ধারারই একটি দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ইদ্রিস হায়দারের রচনা ও পরিচালনায় নির্মিত ‘আমাদের সংসার’। সম্প্রতি নাটকটির ৫০তম পর্ব প্রচারিত হয়েছে।

একটি ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচারিত নাটকটি ইতিমধ্যে দর্শকের মাঝে ব্যাপক আলোচনা ও প্রশংসা কুড়িয়েছে।

বিজ্ঞাপন

নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান (দাদী চরিত্রে), শেখ স্বপ্না (ছেলের স্ত্রী চরিত্রে) এবং শিশির আহমেদ (নাতির চরিত্রে)। এছাড়াও এতে আরও অভিনয় করেছেন রেশমা আহমেদ, অনন্যা ইসলাম, ডিম্পল আহমেদ ও সারিকা আহমেদসহ একদল তারকা শিল্পী।

নাটকটির সফলতার বিষয়ে গুণী অভিনেত্রী দিলারা জামান বলেন, ‘এর মধ্যে অসংখ্য পারিবারিক নাটকের অভিনয়ের প্রস্তাব এসেছে। যে গল্পগুলো মোটামুটি ভালো, কেবল সেগুলোতে কাজ করার চেষ্টা করছি। ইদ্রিস হায়দারের এই নাটকের গল্পটি আমার ভালো লেগেছে, যে কারণে কাজটি করা। নাটকটি প্রচারের পর বেশ ভালো সাড়া ফেলেছে। আমাদের নাট্যাঙ্গনে পরিবারের গল্পগুলো ফিরে আসছে, এটাই সবচেয়ে বড় ভালোলাগার বিষয়। সবাই চরিত্রগুলো ফুটিয়ে তুলতে মন দিয়ে চেষ্টা করছে।’

নাটকে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে ব্যস্ত অভিনেতা শিশির আহমেদ বলেন, ‘ইদ্রিস হায়দার ভাই আমাকে ভীষণ স্নেহ করেন। তার এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য বড় সৌভাগ্য। বিশেষ করে শ্রদ্ধেয় দিলারা জামান আন্টির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা পরম পাওয়া। নাটকটি দর্শকের কাছে দিনে দিনে প্রিয় হয়ে উঠছে, শিল্পী হিসেবে এটাই আমার সবচেয়ে বড় ভালোলাগা।’

পরিবারকেন্দ্রিক ও শুদ্ধ বিনোদনের এই ধারাবাহিকটি দর্শকদের মনে গভীর দাগ কাটবে এবং নাট্যাঙ্গনে পারিবারিক গল্পের ধারাকে আরও সুদৃঢ় করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন