সারিকা সাবাহ্ ও খায়রুল বাসারের ‘সেলফি’, মুক্তি ১০ ডিসেম্বর

সারিকা সাবাহ্ ও খায়রুল বাসারের ‘সেলফি’, মুক্তি ১০ ডিসেম্বর

নতুন জুটি হিসেবে পর্দায় আসছেন অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী সারিকা সাবাহ্। মুশফিকা মাসুদের পরিচালনায় নির্মিত হইচই অরিজিনাল ফিল্ম ‘সেলফি’-তে দেখা যাবে তাদের। সোমবার, ২৩ নভেম্বর হইচই-এর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে সিনেমাটির পোস্টার উন্মোচন করা হয়েছে। এক ঘণ্টার এই ফিল্মটি আগামী ১০ ডিসেম্বর দর্শকদের সামনে আসবে।

হরর, রোমান্স ও থ্রিলারের সমন্বয়ে নির্মিত এই ফিল্মে খায়রুল বাসার ও সারিকা সাবাহ্’র পাশাপাশি অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে যুক্ত আছেন অমিতাভ রেজা চৌধুরী এবং প্রযোজনা করেছে হাফ স্টপ ডাউন; প্রযোজক মাহজাবিন রেজা চৌধুরী।

বিজ্ঞাপন

হইচই-এর বেশ কয়েকটি সিরিজে দেখা গেলেও অরিজিনাল ফিল্মে এটিই খায়রুল বাসারের প্রথম কাজ। কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সেলফি-র গল্প আর চরিত্র দুটোই বেশ আকর্ষণীয় মনে হয়েছে আমার। পরিচালক মুশফিকা মাসুদ ও সহশিল্পী সারিকা দুজনের সাথেই আমার প্রথম কাজ। সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা ছিল। এখন পালা দর্শকের কাছে আমাদের কাজটি পৌঁছানোর।’

অন্যদিকে, সারিকা সাবাহ্’র জন্যও এটি নতুন অভিজ্ঞতার যাত্রা—হইচই, সহঅভিনেতা ও পরিচালক সবার সঙ্গেই এটি তার প্রথম কাজ। নিজের অনুভূতি জানিয়ে সারিকা বলেন, ‘সেলফিতে আমার কাজের অভিজ্ঞতা যদি বলি, তাহলে বলব, প্রত্যেকটা কাজেই ভালো-মন্দ মিলিয়ে নানা ধরনের অভিজ্ঞতা থাকে। কিন্তু সেলফির জার্নিটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার জন্য খুব সুন্দর ছিল। এর সবচেয়ে বড় কারণ, আমি গল্পটার সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত ছিলাম। প্রথম যখন গল্পটা শুনি, তখনই মনে হয়েছিল আমি এই গল্পের একটা অংশ হতে চাই। গল্পটার প্রতি আমাদের পরিচালক মুশফিকা মাসুদের আন্তরিকতা এবং নিজের গল্পটা বলার প্রতি তার সততা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছিল।’

‘সেলফি’-র ভাবনা প্রসঙ্গে পরিচালক মুশফিকা মাসুদ জানান, নিউইয়র্কে ফিল্ম স্কুলে পড়ার সময় ছোট একটি হরর ফিল্ম হিসেবে গল্পটি লিখেছিলেন তিনি। পরে হইচই-এর সঙ্গে কয়েকটি গল্প শেয়ার করলে ‘সেলফি’ সবার পছন্দ হয়। নির্মাতার কথায়, ‘সেই সাহস থেকেই হরর, রোমান্স আর থ্রিলারের মিশেলে একটা নিখাদ সম্পর্ক আর মানবিক বন্ধনের গল্প বলার চেষ্টা করেছি। বাশার, সারিকা আর ফজলুর রহমান বাবুর মতো অসাধারণ অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করাটা ছিল ভীষণ আনন্দের। তাদের অভিনয়ই গল্পটাকে প্রাণ দিয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন