নাট্যনির্মাতা হিসেবে দীর্ঘ ২৫ বছরের পথচলা পূর্ণ করলেন নন্দিত নির্মাতা চয়নিকা চৌধুরী। রজতজয়ন্তীর এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে তিনি নির্মাণ করেছেন বিশেষ একক নাটক ‘প্রথম দেখার পর’। ১৮ সেপ্টেম্বর, শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।
রোমান্টিক গল্পনির্ভর এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী তানজিন তিশা। এছাড়াও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে বরেণ্য শিল্পী আবুল হায়াত ও ডলি জহুরকে।
নাটকের গল্পে দেখা যাবে, মাতৃহীন যুবক আরিয়ান তার বাবার প্রতিষ্ঠানের দায়িত্ব সামলাচ্ছে। বাবার সঙ্গে তার সম্পর্ক বন্ধুর মতো। একদিন অফিস থেকে ফেরার পথে আচমকাই তার গাড়ির সামনে চলে আসে এক তরুণী। তাকে সেবা দেওয়ার চেষ্টা করলে মেয়েটি ধন্যবাদ জানিয়ে চলে যায়। তবে এখানেই ঘটনার ইতি ঘটে না। ‘আয়েশা’ নামের সেই লাস্যময়ী মেয়েটিকে প্রথম দেখার পর থেকেই মনের ভেতর উথাল-পাথাল শুরু হয় আরিয়ানের। শুরু হয় আয়েশাকে মনে মনে খোঁজার পালা।
পরবর্তীতে বাস স্টেশনে আয়েশাকে দেখে আরিয়ান নিজেই যেয়ে পরিচিত হয় এবং তাকে অনুসরণ করতে থাকে। আয়েশা প্রথমে বিরক্তি প্রকাশ করলেও একসময় আরিয়ানের ভালোবাসার কাছে দুর্বল হয়ে পড়ে। সেখান থেকেই শুরু হয় তাদের প্রেম। একপর্যায়ে আয়েশাকে নিজের বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় আরিয়ান, এবং বাবাও খুব পছন্দ করেন তাকে।
কিন্তু গল্পের নতুন মোড় আসে তখন, যখন আরিয়ান আয়েশাকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাব পেয়েই হঠাৎ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দূরে সরে যায় আয়েশা। আরিয়ানও তাকে পাগলের মতো খুঁজতে শুরু করে। শেষ পর্যন্ত আরিয়ান কি আয়েশাকে খুঁজে পাবে? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য—তা জানতে চোখ রাখতে হবে মাছরাঙা টেলিভিশনের পর্দায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

