ছোটপর্দায় সাধারণত প্রেম কিংবা বিরহের গল্পেই দেখা মেলে তানজিন তিশার। তবে এবার চেনা ছক ভেঙে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী। নারীপ্রধান অ্যাকশন থ্রিলার গল্পে ‘লেডি গ্যাংস্টার’ হিসেবে দর্শককে চমকে দিতে আসছেন তিনি। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘গোলাপী’।
নাম থেকেই স্পষ্ট, নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম গোলাপী। এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। নাটকটিতে তাকে দুটি ভিন্ন রূপে দেখা যাবে বলে জানা গেছে। সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকে তিশার বিপরীতে নায়ক ও ভিলেন, উভয় চরিত্রেই থাকতে পারেন অভিনেতা তৌসিফ মাহবুব। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা রুবেল হাসান। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ।
নির্মাতা জানান, নাটকের গল্পে বস্তির চালচিত্র থেকে শুরু করে পকেটমার ও গ্যাংস্টারদের অন্ধকার জগতের রাজনীতি উঠে এসেছে। সে সঙ্গে থাকছে পুলিশি চমক এবং রোমান্টিক আবহ। পরিচালক রুবেল হাসান নাটকটি নিয়ে বেশ আশাবাদী।
তিনি জানান, ‘গোলাপী’ চরিত্রটি যেকোনো অভিনেত্রীর জন্যই বেশ কঠিন ছিল। তবে তানজিন তিশা সেই চ্যালেঞ্জটি দারুণভাবে মোকাবিলা করেছেন। এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার ঘরানার নাটক হলেও দর্শকের জন্য এতে ভরপুর বিনোদন রাখা হয়েছে। প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, নাটকটি সিনেমার আদলে নির্মাণ করা হয়েছে। দর্শক এটি দেখলে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের স্বাদ পাবেন। বর্তমানে সম্পাদনার টেবিলে থাকা ‘গোলাপী’ নাটকটি আগামী ঈদ উৎসবে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

