নাটকপাড়ায় বিভিন্ন গল্প ও চরিত্রে পরিচিত মুখ এস এম আশরাফুল আলম (সোহাগ)। সম্প্রতি গুণী অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে টানা আটটি নাটকে কাজ শেষ করেছেন তিনি। শ্রীমঙ্গলের বিভিন্ন মনোরম লোকেশনে সম্প্রতি এই নাটকগুলোর চিত্রায়ন সম্পন্ন হয়েছে।
আটটি নাটকের মধ্যে সম্রাট জাহাঙ্গীরের নির্দেশনায় নির্মিত হয়েছে ‘আদর্শ শিক্ষক’ ও ‘গোয়েন্দাগিরি’। এছাড়া একই সাথে পরিচালক তাইফুর জাহান আশিকের পরিচালনায় ‘জনতা হোটেল’, ‘সুখ দুঃখ’, ‘আপন মানুষ’, ‘ঘরে সংসার’ ও ‘গোয়েন্দাগিরি’সহ মোট ছয়টি নাটকে মোশাররফ করিমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সোহাগ।
শ্রীমঙ্গলে চিত্রায়ন শেষ করে ঢাকায় ফিরেই কাজের মধ্যে ডুব দিয়েছেন এই অভিনেতা। বর্তমানে তিনি সুজিত বিশ্বাসের নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাল পরিবার’-এর শুটিংয়ে ব্যস্ত আছেন।
অভিনেতা মোশাররফ করিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ময়মনসিংহের সন্তান সোহাগ বলেন, ‘২০২১ সালে এস আর মজুমদারের ‘উলট পালট’ নাটকের মাধ্যমে প্রথম মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ পাই। তিনি ভীষণ সহযোগিতাপরায়ণ। অনেক সময় দৃশ্য সুন্দর করতে নিজেই ইম্প্রোভাইজ করে অভিনয় বুঝিয়ে দেন। উনার স্নেহের পরশে কাজ করার সুযোগ সত্যি ভাগ্যের ব্যাপার।’
সহশিল্পীর প্রশংসায় মোশাররফ করিম বলেন, ‘সোহাগ অভিনয়ে আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস এবং খুব ভালো করছে। নাটকের গল্পগুলো আলাদা ও সুন্দর, আশাকরি দর্শকদের বেশ ভালো লাগবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

