জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজের পাঁচ দিন পর বুদ্ধিপ্রতিবন্ধী ইজিবাইক চালক ফরিদ হোসেনের (৪১) কঙ্কাল উদ্ধারের দাবি করেছে তার পরিবার।
মঙ্গলবার দুপুরে জিতারপুর মোড়ের একটি আখ ক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার বিকেলে একই জেলার সদর উপজেলার পাকারমাথা এলাকার একটি গ্যারেজ থেকে ফরিদের ইজিবাইক উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম বলেন, উদ্ধার হওয়া কঙ্কালের সঙ্গে থাকা পোশাক দেখে ফরিদের মা-বাবা সেটি তাদের ছেলের বলে শনাক্ত করেছেন। তবে ডিএনএ পরীক্ষার আগে কঙ্কালটি ফরিদের কি না—এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট সকাল ১০টার দিকে ক্ষেতলাল উপজেলার হোপীরহাট গ্রামের বাসিন্দা ফরিদ হোসেন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। এ ঘটনায় তার বাবা আবদুল কুদ্দুস ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার জয়পুরহাট সদর উপজেলার একটি গ্যারেজ ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় রবিউল ও জাকির হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন ও সদর থানার পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কঙ্কালটি থানায় নিয়ে যান।
জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) শাহনাজ বেগম জানান, জিতারপুর মোড়ের একটি আখ ক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ফরিদের স্বজনেরা পোশাক দেখে কঙ্কালটি তার বলে শনাক্ত করেছেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

